শহীদ নূর হোসেন দিবস আজ
আজ ১০ নভেম্বর ‘শহীদ নূর হোসেন দিবস’। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে রাজপথে লড়াই করতে গিয়ে শহীদ নূর হোসেন আত্মাহুতি দিয়েছিলেন। শহীদ নূর হোসেনের রক্তদানের মধ্য দিয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন তীব্রতর হয় এবং অব্যাহত লড়াই-সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরাচারী সরকারের পতন ঘটে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা নূর হোসেনের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, নূর হোসেনের রক্ত বৃথা যায়নি। তাঁর আত্মাহুতির ধারাবাহিকতায় ১৯৯০ সালে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা পেয়েছিল।দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে। এ উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সকাল সাতটায় শহীদ নূর হোসেন স্কোয়ারে পুষ্পমাল্য অর্পণ করা হবে। শহীদ নূর হোসেন সংসদ সকাল সাতটায় দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে আটটায় নূর হোসেনের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং বেলা দুটায় নূর হোসেন সংসদের নেতারা মিরপুরে শহীদ নূর হোসেনের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। আওয়ামী যুবলীগ নূর হোসেন চত্বরে পুষ্পমাল্য অর্পণ ও বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা করবে। যুব গণফোরাম মানববন্ধন করবে। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নূর হোসেন স্কোয়ারে পুষ্পস্তবক অর্পণ করবে।