শহীদ নূর হোসেন দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা সভা, পুষ্পার্ঘ্য অর্পণসহ নানা আয়োজনে গতকাল বৃহস্পতিবার শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আওয়ামী লীগের পক্ষ থেকে নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেন মাহবুব উল আলম হানিফ, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, বাহাউদ্দিন নাছিম, মৃণাল কান্তি দাস প্রমুখ। সিপিবি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ নূর হোসেন ও সৈয়দ আমিনুল হুদা টিটোর প্রতি শ্রদ্ধা নিবেদন করে। পরে পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দলে-বলে ভারী হওয়া যায়, কিন্তু গণতন্ত্র কায়েম করা যায় না। তিনি মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে অগ্রসর করতে বাম গণতান্ত্রিক শক্তির বিকল্প বলয় গড়ে তোলার আহ্বান জানান। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শহীদ নূর হোসেন সংসদ, ক্ষেতমজুর সমিতি, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নারী মুক্তি আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক লীগ, জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন আলোচনা সভাসহ নানা আয়োজনে শহীদ নূর হোসেন দিবস পালন করেছে।