শহীদ নূর হোসেন দিবস পালিত
যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শনিবার শহীদ নূর হোসেন দিবস পালিত হয়েছে।১৯৮৭ সালের ১০ নভেম্বর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ হন নূর হোসেন। তাঁর আত্মত্যাগ স্বৈরশাসকের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলনকে বেগবান করেছিল। নূর হোসেন সেদিন তাঁর বুকে ও পিঠে ‘স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ স্লোগান লিখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৫ দলীয় ঐক্যজোটের মিছিলে যোগ দেন। মিছিলটি রাজধানীর জিরো পয়েন্টে পৌঁছালে বুলেট এসে নূর হোসেনের বুক ঝাঁঝরা করে দেয়। তাঁর আত্মত্যাগ তৎকালীন স্বৈরশাসনের বিরুদ্ধে গণতন্ত্রকামী মানুষের আন্দোলন বেগবান করে। এর ধারাবাহিকতায় ১৯৯০ সালের ৬ ডিসেম্বর স্বৈরশাসকের পতন ঘটে। শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে গতকাল রাজধানীর জিরো পয়েন্টে নূর হোসেন চত্বরে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে সাতটায় আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রমুখ।পরে শহীদ নূর হোসেনের পরিবারের পক্ষে তাঁর মা মরিয়ম বিবি, বোন রেহানা ও ভাই আলী হোসেন নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।বিএনপির পক্ষে যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নূর হোসেন চত্বরে শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া আওয়ামী যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় শ্রমিক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, ছাত্রদল, শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন নূর হোসেন চত্বরে পুষ্পস্তবক অর্পণ করে।বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাম গণতান্ত্রিক ফোরাম, গণফোরাম, ছাত্রমৈত্রী, ছাত্র ইউনিয়ন, যুব মৈত্রীসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নূর হোসেনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।দিবসটি উপলক্ষে শহীদ নূর হোসেন স্মৃতি সংসদ সকালে আলোচনা সভার আয়োজন করে। বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তাসলিম আহমদ।