শহীদ পরিবারটি এখন নিজ ঘরে পরবাসী...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় দুই মাস ধরে দিনাজপুর শহরের মুন্সিপাড়া মহল্লায় নিজ বাড়িতে বন্দী জীবন যাপন করছেন শহীদমাতা জোবেদা খাতুন (৯৪) ও তাঁর পরিবারের সদস্যরা। জোবেদা খাতুন অভিযোগ করেন, ভুয়া দলিল দেখিয়ে, মাস্তান দিয়ে ৫৭ বছর আগে কেনা বাড়ি থেকে তাঁদের উচ্ছেদের ষড়যন্ত্র চলছে। জোবেদা খাতুন জানান, তাঁর স্বামী মরহুম বজলুর রহমান ছিলেন দিনাজপুর আদালতের একজন মোক্তার। তাঁর পাঁচ ছেলে ও দুই মেয়ে। মেয়েরা বিদেশে থাকেন। বড় ছেলে মো. জিল্লুর রহমান বাংলা একাডেমীর জনসংযোগ কর্মকর্তা ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত এবং পক্ষাঘাতে আক্রান্ত। দ্বিতীয় ছেলে জুলফিকার রহমান থাকেন চট্টগ্রামে। তৃতীয় ছেলে জোবায়দুর রহমান বর্তমানে ঢাকায় অবসর জীবন কাটাচ্ছেন।চতুর্থ ছেলে মিজানুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ১৯৭১ সালের ১ ডিসেম্বর ঘোড়াশালে ভাইয়ের বাসায় এবং ছোট ছেলে ওবায়দুর রহমান পাকিস্তান সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় ১৯৭১ সালের ২ এপ্রিল সৈয়দপুর সেনানিবাসে পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ হন।জোবেদা খাতুনের বড় ছেলে জিল্লুর রহমান জানান, তত্কালীন দিনাজপুর আদালতের সেরেস্তাদার মরহুম হাজি আবদুল মজিদ ১৯৫২ সালে শহরের মুন্সিপাড়া এলাকায় ওই বাড়িটি বেনামিতে কেনেন। ১৯৫৩ সালে তিনি বাড়িসহ পুরো ১৮ শতক জমি তাঁর বাবা বজলুর রহমানের কাছে বিক্রি করেন। বাড়িটি বিক্রি বাবদ অর্থ গ্রহণের লিখিত কাগজ নিয়ে বাড়ির দখল বুঝিয়ে দেন। কিন্তু আজ, কাল-পরশু করে বাড়ি বিক্রির দলিল করার আগেই হাজি আবদুল মজিদ মারা যান। ১৯৭৬ সালে বজলুর রহমানও মারা যান। জিল্লুর রহমান দাবি করেন, বাড়িটির জমির খারিজ, হোল্ডিং ও পৌরকর নিজেদের নামে বহাল করে নিয়মিত পরিশোধ করে আসছেন তাঁরা। বর্তমান ভূমি রেকর্ডেও তাঁদের নাম উঠেছে।জোবেদা খাতুনের অভিযোগ, আবদুল মজিদ মারা যাওয়ার পর তাঁর স্ত্রী মরহুম সাফিরন নেছা বা তাঁর ছেলেমেয়েরা বাড়িটির মালিকানা দাবি করেননি। কিন্তু আবদুল মজিদের মেয়ের ছেলে মো. তরিকুল ইসলাম, জিল্লুর রহমান ও আজগর হুদা ১৯৭৪ সালে মালিকানা দাবি করেন এবং তাঁদের ভাড়াটিয়া হিসেবে মিথ্যা তথ্য দিয়ে বাড়িসহ জমিটির দখল পেতে দিনাজপুর জেলা জজ আদালতে ভাড়াটিয়া উচ্ছেদের মামলা করেন। কিন্তু ১৯৭৫ সালে সে মামলায় তাঁরা হেরে যান।তিনি জানান, আইনজীবীদের পরামর্শে জমিসহ বাড়িটির দলিল নিজেদের নামে পেতে আবেদন জানিয়ে প্রথমে দিনাজপুর সাব-জজ আদালত ও পরে উচ্চতর আদালতে আবেদন করেন। ‘মামলাটি সঠিকভাবে করা হয়নি’ উল্লেখ করে ২০০৯ সালে উচ্চতর আদালত তাঁদের আবেদন খারিজ করেন। কিন্তু বাড়িটির মালিকানা বা দখল নিয়ে তাঁদের বিপক্ষে আদালত মন্তব্য করেননি। আর এই সুযোগে গত বছরের ৩ মে মরহুম আবদুল মজিদের মেয়ের ছেলে ও নাতিরা মাস্তান দিয়ে বাড়ির প্রবেশমুখের ঘরটি দখল করেন। বাড়ির সামনের অংশের ঘরটির দখলদার দিনাজপুর কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম গত ১৫ এপ্রিল প্রথম আলোকে বলেন, নানি সাফিরন নেছা ১৯৭৪ সালে ১৮ শতক জমিসহ বাড়িটি তাঁদের তিন ভাইয়ের নামে দানপত্র করে দিয়েছেন। সেই থেকে তাঁরা নিজেদের নামে খাজনা দিয়ে আসছেন। বর্তমান ভূমি রেকর্ডেও তাঁদের নাম রয়েছে। বাড়ির দখল পেতে আদালতে কোনো মামলা হয়নি বলে তিনি স্বীকার করেন। পাশাপাশি বাড়িটির দখল নিতে পেরেছেন বলেও দাবি করেন তাঁরা।জোবেদা খাতুনের বাড়ির বেদখল হওয়া অংশের দখল ফিরিয়ে দিতে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি। এই দাবিতে ২২ এপ্রিল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনও করেন তাঁরা। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসান শামীম বলেন, উভয় পক্ষই বাড়িসহ জমির মালিকানা দাবি করছে। জোবেদা খাতুনের পরিবার বাড়িটির চারটি ঘরসহ বেশির ভাগ অংশের এবং তরিকুল গং বাড়িটির প্রবেশদ্বারের একটি ঘরসহ বেশ কিছু জমির দখল নিয়েছে। এ অবস্থায় গত ৬ মার্চ পুলিশ বাড়িটির একজন ‘রিসিভার’ নিয়োগের জন্য দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন। আগামী ১১ মে আবেদনটির শুনানি হবে বলে জানান ওসি।