শহীদ পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ আখন্দের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে শহীদ তোফাজ্জেল হোসেনের পরিবারের আট শতাংশ জমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।শহীদ তোফাজ্জেলের স্ত্রী মতিজান বিবি (৭৫) অভিযোগ করেন, পাঁচ ছেলেমেয়ে নিয়ে তাঁর অভাবের সংসারের কষ্ট লাঘবে তৎকালীন সাংসদ অধ্যক্ষ নজরুল ইসলাম তাঁকে আট শতাংশ জমি বন্দোবস্ত নিয়ে দেন। সেই জমি থেকে উৎখাতের জন্য চরফ্যাশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমকি দিচ্ছেন।মতিজান বিবি জানান, তাঁর বড় ছেলে হাফিজুর রহমান চার সন্তান ও স্ত্রী রেখে ক্যানসারে বিনা চিকিৎসায় মারা গেছেন। ছোট ছেলে নজরুল ইসলাম শারীরিক প্রতিবন্ধী। তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এত দিন মাথা গোঁজার শেষ ঠাঁই নিশ্চিত থাকলেও আট-১০ বছর ধরে জয়নাল আবেদীন আখন্দ ও নাছির আহমেদ বেপারী তাঁকে অন্যত্র সরে যাওয়ার হুমকি দিচ্ছেন। মতিজানের নামে নাছির আহমেদ বেপারী আদালতে একটি উৎখাত মামলাও করেছেন।জয়নাল আহমেদ আখন্দ ও নাছির আহমেদ বেপারী বলেন, মতিজান বিবি যে জমিতে আছেন, সেটি তাঁদের ক্রয় করা। অনেকবার বলা সত্ত্বেও তিনি দখল ছাড়ছেন না। তাঁরা ইচ্ছে করলে ক্ষমতার প্রভাব খাটিয়ে মতিজানকে উৎখাত করতে পারেন। কিন্তু তা না করে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আদালতে উৎখাত মামলা করেছেন।