শহীদ পরিবারের তৃতীয় প্রজন্মের স্বপ্নের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ ক্যাপ্টেন শামসুল করিম খানের নাতনি অন্তরা মুবাশ্বিরার কাছে স্বাধীনতা হলো স্বদেশভূমির আত্মনির্ভরতা। আরেক শহীদ অধ্যাপক আবদুস সাত্তারের নাতি মেফতাহুল ইসলাম চান পরের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বার্তা পৌঁছে দিতে।
মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে গতকাল রোববার শহীদ পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধিরা তাঁদের ভাবনা, স্বপ্নের কথা এভাবেই বলছিলেন। মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘মানবাধিকার দিবস থেকে বিজয় দিবস’ অনুষ্ঠানমালার পঞ্চম দিন ছিল গতকাল রোববার।
শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর শহীদ পরিবারের সন্তানদের এ কথোপকথন পর্বের সঞ্চালনা করেন। তিনি বলেন, তরুণ প্রজন্মের হাতেই মুক্তিযুদ্ধের রিলে রেসের বাটন তুলে দিতে হবে।
প্রায় আধঘণ্টার এ কথোপকথনে শহীদ পরিবারের সন্তানেরা মুক্তিযুদ্ধকে কীভাবে জেনেছেন, মুক্তিযুদ্ধ নিয়ে তাঁদের অনুভূতির বিষয়গুলো শ্রোতাদের সামনে তুলে ধরেন।
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন। তিনি বলেন, পৃথিবীতে আর একটি জাতিও নেই, যাদের বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করতে হয়। তিনি মানবতাবিরোধী অপরাধীদের দ্রুত বিচারের আশা প্রকাশ করেন। পাশাপাশি অপরাধী সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর বিচারের দাবিও জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে গান, আবৃত্তি পরিবেশন করে স্রোত আবৃত্তি সংগঠন, মাতুয়াইল সংগীত একাডেমি, বধ্যভূমির সন্তান দল ও ছায়ানট।