শহীদ পরিবারের প্লট নিতে এত কাণ্ড!
চট্টগ্রামে একজন শহীদজননীর নামে বরাদ্দ দেওয়া প্রায় সাত কোটি টাকা দামের একটি জায়গা হাতিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন কর্মকর্তা তৎপরতা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, ওই কর্মকর্তা নিজ স্ত্রী রাশেদা আক্তার ও শ্যালক রবীশু উদ্দিনের নামে জায়গাটি বিক্রির জন্য ওই শহীদ পরিবারের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করছেন। এ জন্য একটি বায়নানামাও করা হয়েছে। কিন্তু শহীদ পরিবার ওই জমি বিক্রি করতে রাজি না হওয়ায় জমির বরাদ্দ বাতিলের হুমকি দিয়ে জেলা প্রশাসন থেকে একটি চিঠি দেওয়া হয়েছে।নিবন্ধন হওয়া ওই জমি যাতে বরাদ্দপ্রাপ্তদের নামে নামজারি না হয় সেজন্য ভূমি কার্যালয় থেকে ওই প্লটের নিবন্ধনপত্র ও অন্যান্য কাগজপত্র জেলা প্রশাসনে এনে রাখা হয়েছে। অথচ বিধান অনুযায়ী এ জমির বরাদ্দ বাতিলের এখতিয়ার জেলা প্রশাসনের নেই। কারণ, রাষ্ট্রপতির আদেশে জমির বরাদ্দ দিয়েছে সরকারের পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড (এপিএমবি)। বোর্ডের মাধ্যমে বরাদ্দ বাতিল করতে হলেও আবার রাষ্ট্রপতির অনুমোদন লাগবে।দলিলপত্র ঘেঁটে দেখা যায়, চট্টগ্রাম শহরের কেন্দ্রস্থল কাতালগঞ্জ আবাসিক এলাকার তিন নম্বর প্লটে পাঁচ কাঠা আয়তনের এ জায়গাটি শহীদ মুক্তিযোদ্ধা মুসা খানের মা মাসুদা খাতুনের নামে এপিএমবি বরাদ্দ দেয় ২০০৪ সালের ৭ ফেব্রুয়ারি। নানা পদ্ধতিগত জটিলতা পেরিয়ে এ প্লটের নিবন্ধনের জন্য জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে অফিস সহকারী আবদুল মান্নানকে মনোনীত করা হয় ২০১১ সালের ২ নভেম্বর। কিন্তু পরদিন ৩ নভেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মো. ইসমাইল হোসেন শহীদ মুক্তিযোদ্ধা মুসা খানের ভাই ইউসুফ খানকে একটি নোটিশ দেন। তাতে বলা হয়, মুসা আদৌ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন কি না তা যাচাই-বাছাই করতে হবে। এ ধরনের একাধিক কারণ দেখিয়ে দলিল সম্পাদন স্থগিত ও প্লটের বরাদ্দ বাতিলের হুমকি দেওয়া হয় নোটিশে। ওই নোটিশের অনুলিপি প্রশাসনের কাউকে দেওয়া হয়নি। এ চিঠিকে এখতিয়ারবহির্ভূত ও রাষ্ট্রপতির আদেশের অবমাননা আখ্যা দিয়ে শহীদ পরিবার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন করে। তবে এডিসির এ চিঠির ২১ দিন পর ২৪ নভেম্বর শহীদ পরিবারকে জমিটি রেজিস্ট্রি করে দেন জেলা প্রশাসক। এ জন্য শহীদ পরিবারের পক্ষ থেকে রাষ্ট্রীয় কোষাগারে ৪২ লাখ টাকার বেশি জমা দেওয়া হয়। চট্টগ্রামের মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মুক্তিযোদ্ধা মুসা খান রাউজানের প্রথম শহীদ। সরকার তাঁর পরিবারকে পরবর্তী সময়ে একখণ্ড জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে বলে আমরা জেনেছি।’মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ২২ অক্টোবর হাটহাজারী ও রাউজান সীমান্তের মদুনাঘাট এলাকায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে গুলিবিদ্ধ হন মুক্তিযোদ্ধা মোহাম্মদ মুসা খান। এরপর ২২ দিন হালদা নদীতে নৌকায় রেখে মুক্তিযোদ্ধারা তাঁকে চিকিৎসা ও সেবা দেন। পরে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নয় দিন চিকিৎসার পর তিনি মারা যান। মুক্তিযুদ্ধে এই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে রাষ্ট্রপতির আদেশে সরকার একটি প্লট মুসার পরিবারকে বরাদ্দের সিদ্ধান্ত নেয়। মুসা ছিলেন অবিবাহিত যুবক। তাই মুসার মা মাসুদা খাতুনের নামে ওই জমি বরাদ্দ দেওয়া হয়। ইতিমধ্যে মাসুদা খাতুন মারা গেলে মুসার ভাই ইউসুফ খান ও তাঁর দুই ছেলে ইমতিয়াজুল আলম ও ইফতেখারুল আলমের নামে প্লটটি সাফ কবলামূলে রেজিস্ট্রি দেয় জেলা প্রশাসন। এরপর মুসার ফুফাতো বোন চৌধুরী সানিয়া আলমকে পাওয়ার অব অ্যাটর্নি দেয় শহীদ পরিবার।সানিয়া আলম প্রথম আলোকে বলেন, ‘নিবন্ধনের সময় সাফ কবলা দলিল তৈরির দিনই এডিসি ইসমাইল হোসেনের স্ত্রী ও শ্যালকের নামে জমিটি বায়না করার জন্য জেলা প্রশাসনের অফিস সহকারী আবদুল মান্নান ও রিয়াজ উদ্দিন আমাদের চাপ দেন।’ তিনি বলেন, ‘ইসমাইল হোসেন বিভিন্ন সময় আমাদের কাছ থেকে অর্থ দাবি করে এসেছেন। তা না পেয়ে নামজারির ফাইলটি সহকারী কমিশনার (ভূমি) থেকে নিজের কাছে রেখে দিয়েছেন। এ কারণে জমির নামজারি হচ্ছে না।’ জানা যায়, রেজিস্ট্রির পর জমির দখল হস্তান্তর ও নামজারির জন্য শহীদ পরিবার পুনরায় সরকারের কাছে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) সনজীদা শরমিন গত ৯ ফেব্রুয়ারি একটি চিঠি দেন। তাতে তিনি বলেন, ‘শহীদ পরিবারের দখল হস্তান্তরের আবেদন বিবেচনা করা যাচ্ছে না। বর্তমানে আপনাদের অনুকূলে প্রদত্ত ইজারা বাতিলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। ইজারা বাতিল হলে বিধান মোতাবেক আপনাদের অনুকূলে প্রদত্ত দলিলের কার্যকারিতা থাকবে না। সরকারের কোষাগারে দেওয়া অর্থও বাতিল হবে।’ সনজীদা শরমিন ইসমাইল হোসেনের অধীন কর্মকর্তা। বরাদ্দ বাতিলের চিঠির ব্যাপারে সনজীদা শরমিন বলেন, ‘শহীদ পরিবার জায়গাটি বিক্রি করতে পারে এমন অভিযোগ আছে। এ জন্য তাদের সতর্ক করেছি।’ রাষ্ট্রপতির দেওয়া ইজারা আরডিসি বাতিল করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘বাতিল করতে না পারলে সতর্ক তো করতে পারি।’ জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘শহীদ পরিবারের ওই জমি নিয়ে এত পানি ঘোলা হয়েছে যে কোনটা সঠিক আর কোনটা সঠিক নয়, তা বোঝা মুশকিল হয়ে পড়েছে। আমরা শহীদ পরিবারের নামেই জমিটি নামজারি করতে চাই। এ জন্য শহীদ পরিবারের সদস্য ছাড়া অন্য কারও সঙ্গে কথা না বলার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে শহীদ মুসা খানের ভাতিজা ইমতিয়াজুল আলম ও ইফতেখার আলম আমার সঙ্গে যোগাযোগ করেছে।’ তবে ইফতেখার আলম বলেন, ‘জেলা প্রশাসক আমাদের ডেকে এডিসির কাছে জমি বিক্রির অনুরোধ জানিয়েছেন। আমরা সে প্রস্তাব প্রত্যাখ্যান করেছি।’ শহীদ পরিবারের নামে বরাদ্দ করা জমির ইজারা বাতিলের জন্য চিঠি দেওয়ার বিষয়ে এডিসি ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এক মহিলা ওই জমি নিয়ে নানাভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছেন। এটা বন্ধ করতেই বরাদ্দ বাতিলের চিঠি দিই।’ প্লটটি নিজের স্ত্রী ও শ্যালকের নামে কিনতে বায়নাচুক্তির জন্য কীভাবে দলিল তৈরি করেছেন জানতে চাইল তিনি বলেন, ‘আমি এবং আরও ছয় সহকর্মী ফ্ল্যাট বাড়ি তৈরির অভিলাষ থেকেই প্লটটি কিনতে চেয়েছি। প্রাথমিকভাবে ২২ লাখ টাকা পরিশোধও করেছি। এখন তাঁরাই আমার বিরুদ্ধে বিভিন্ন স্থানে অভিযোগ দিচ্ছেন। শুনেছি, তাঁরা আরও লোকজনের কাছ থেকে টাকা নিয়েছেন। এসব টাকা ফেরত না দিলে তো জমির নামজারি হবে না।’