শহীদ পরিবারের স্বীকৃতি মেলেনি, পরপারে গীতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের যুদ্ধের সময় গীতা রঞ্জন দাস ও তাঁর বাবাকে ধরে নিয়ে গুলি করে পাকিস্তানি বাহিনী। বাবা নিহত হলেও বেঁচে যান গীতা। এরপর থেকে শহীদ পরিবারের স্বীকৃতি পেতে সরকারের বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছেন গীতা। কিন্তু তাতে কাজ হয়নি। গত সোমবার রাতে তিনি পরলোক গমন করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, গীতা রঞ্জন দাসের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিঘা গ্রামে। একাত্তরের যুদ্ধের সময় স্থানীয় রাজাকারদের সহযোগিতায় পাকিস্তানি বাহিনী বাবা রাজেন্দ্র কুমার দাসের সঙ্গে গীতা রঞ্জন দাসকেও বাড়ি থেকে ধরে নিয়ে যায়। এরপর তাঁদের গুলি করে। রাজেন্দ্র ঘটনাস্থলেই মারা যান। বুকে গুলি লাগলেও বেঁচে যান গীতা রঞ্জন। পরবর্তী সময়ে শহীদ পরিবারের স্বীকৃতি পেতে তাঁর পরিবারের পক্ষ থেকে সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়। কিন্তু, কোনো ফল মেলেনি। প্রতিবছর জাতীয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবারের সন্তানদের সংবর্ধনার আয়োজন করা হলেও তাঁদের (গীতা রঞ্জন) পরিবার কখনো আমন্ত্রণ পায়নি। গত সোমবার রাতে ৬৯ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন গীতা রঞ্জন।
গীতা রঞ্জনের ছোট ভাই সুজানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য বিপুল কান্তি দাস প্রথম আলোকে বলেন, পাকিস্তানি বাহিনী চলে যাওয়ার পর স্থানীয় লোকজন গীতাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেন। পরে স্বজনেরা গীতাকে ভারতে নিয়ে যান। সেখানে বেশ কিছুদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ওঠেন। বিপুল কান্তি দাস বলেন, ‘দাদার (গীতা) আশা ছিল, জীবদ্দশায় সরকারিভাবে শহীদ পরিবারের স্বীকৃতি মিলবে। তা আর হলো না। দাদা বুকভরা কষ্ট নিয়েই বিজয়ের মাসে (ডিসেম্বর) চলে গেলেন।’ গত মঙ্গলবার পারিবারিক শ্মশানে গীতার শেষকৃত্য হয়। তাঁর (গীতা) স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।
বড়লেখা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘বড়লেখায় শুধু শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে ছয়জনের নাম তালিকাভুক্ত করা আছে। আর প্রশাসনের উদ্যোগে জাতীয় দিবসের অনুষ্ঠানের আয়োজন করা হয়।’
বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল্লাহ আল মামুন বলেন, সরকারিভাবে শহীদ পরিবারের স্বীকৃতি না পেলে কাউকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সুযোগ থাকে না।