শহীদ পরিবারের ৪০ সদস্যকে চিকিৎসাসেবা
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর গ্রামের বিধবাপাড়ায় ৩০ জন বিধবাসহ শহীদ পরিবারের ৪০ সদস্যকে বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ওষুধ দেওয়া হয়েছে৷
প্রথম আলোর নালিতাবাড়ী বন্ধুসভার উদ্যোগে গতকাল মঙ্গলবার বেলা ১১টার থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়৷ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মেহেদী হাসান এই ক্যাম্প পরিচালনা করেন৷
বন্ধুসভাকে প্রয়োজনীয় ওষুধ দিয়ে সহযোগিতা করেন নালিতাবাড়ী কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন ও ফারিয়া নামে দুটি সংগঠন। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান মেডিকেল ক্যাম্প পরিদর্শন করে প্রথম আলোকে বলেন, ‘বন্ধুসভার এই উদ্যোগ সত্যিকার অর্থে প্রশংসনীয়৷ আমি বন্ধুসভার সদস্যদের অভিনন্দন জানাই৷’
বিধবা করফুলি বেগম প্রথম আলোকে বলেন, ‘বিনা মূল্যে চিকিৎসা পেয়ে আমাদের বড় উপকার হয়েছে৷ বন্ধুসভার কাএছ আমরা কৃতজ্ঞ৷’
১৯৭১ সালের ২৫ জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী নির্বিচারে সোহাগপুর গ্রামে ১৮৭ জন পুরুষকে হত্যা করে। মূলত ওই গ্রামের একটি পাড়ার সব পুরুষকে মেরে ফেলা হয়৷ এ কারণে পরবর্তীকালে ওই পাড়ার নাম রাখা হয় বিধবাপাড়া। এই বিধবাপাড়ায় নৃশংস হত্যার সাক্ষী হয়ে এখনো বেঁচে আছেন ৩৪ জন বিধবা৷