শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল রোববার চট্টগ্রামে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এর মধ্যে ছিল আলোচনা সভা, স্মৃতিচারণা, পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্বালন।
সিটি করপোরেশন: ভোরে নগরের পাহাড়তলী বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম। এ সময় করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুপুরে করপোরেশনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে আলোচনা সভা হয়। সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র। বক্তব্য দেন প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, জহর লাল হাজারী প্রমুখ।
প্রমা: আবৃত্তি সংগঠন প্রমা বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে। সন্ধ্যায় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে থিয়েটার ইনস্টিটিউট গ্যালারিতে আলোচনা সভায় বক্তব্য দেন শহীদ জায়া বেগম মুশতারী শফী, ডেইলি স্টার-এর ব্যুরো প্রধান রইসুল হক বাহার। প্রমার সভাপতি রাশেদ হাসান সভায় সভাপতিত্ব করেন। সংগীত পরিবেশন করেন উদীচী ও রক্তকরবীর শিল্পীরা। আবৃত্তি করেন প্রমা ও বিভাসের শিল্পীরা। পরে আলোর মিছিল নিয়ে শহীদ মিনারে জমায়েত হন।
চট্টগ্রাম শিল্পকলা একাডেমী: দিবসটি পালনে আলোচনা সভা ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শহীদ জায়া মুশতারী শফী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
আমরা মুক্তিযোদ্ধার সন্তান: আমরা মুক্তিযোদ্ধার সন্তান শহীদ মিনারে বিকেলে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বালনের আয়োজন করে। এই কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
চট্টগ্রাম প্রেসক্লাব: চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) যৌথ উদ্যোগে সকালে ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা হয়।
সিইউজের সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির চেয়ারম্যান মইনুদ্দীন কাদেরী শওকত, প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, বিএফইউজে যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, ইউনিট প্রতিনিধি ও বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো প্রধান সমীর কান্তি বড়ুয়া প্রমুখ।
সভার শুরুতে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এর আগে ১৩ ডিসেম্বর রাত ১২টা এক মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় সাংবাদিকদের পক্ষ থেকে।
কক্সবাজার: নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার জানান, কক্সবাজার সাহিত্য একাডেমির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন একাডেমির সভাপতি মুহম্মদ নূরুল ইসলাম। বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক অধ্যাপক দিলওয়ার চৌধুরী, কবি অমিত চৌধুরী, গবেষক নুরুল আজিজ চৌধুরী, পিটিআইয়ের সাবেক সুপার রাজবিহারী চৌধুরী, কল্লোল দে চৌধুরী, কালাম আজাদ, অংলে রাখাইন প্রমুখ।
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, জেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর সদর-৩ আসনের সাংসদ এ কে এম শাহাজান কামাল। জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক মিজানুর রহিম। বক্তব্য দেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিজবুল বাহার, পৌর আওয়ামী লীগের সহসভাপতি জাফর আহমেদ, আইনবিষয়ক সম্পাদক দিলীপ সাহা, জহির উদ্দিন ও রাসেল মাহমুদ।
ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে সকালে জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতমবুদ্ধ দাশের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা শোভাযাত্রার মাধ্যমে পাহাড়তলী বধ্যভূমি স্মৃতিসৌধে যান। সেখানে তাঁরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।