শহীদ বুদ্ধিজীবী ফজলুর রহমানের নামে সৈয়দপুর সেনানিবাসে সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কান্না ধরে রাখতে পারছিলেন না সুরাইয়া বেগম। গতকাল মঙ্গলবার সজল চোখে শহীদ বুদ্ধিজীবী স্বামীর নামে একটি সড়কের নামফলক উন্মোচন করলেন তিনি। নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে শহীদ বুদ্ধিজীবী মো. ফজলুর রহমানের নামে একটি সড়কের নামকরণ করা হয়।এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২২২ পদাতিক ব্রিগেডের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আলী মুরতজা খান। এ সময় সৈয়দপুর ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মোস্তফা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুদ্দিন, ৬৬ পদাতিক ডিভিশনের কর্নেল কামরুল ইসলাম, সৈয়দপুর সেনানিবাসের স্টেশন অফিসার মেজর শাহ্জাহান, ১৭৩ ফিল্ড ওয়ার্কশপ কোম্পানির অধিনায়ক মেজর রহমান, শহীদ ফজলুর রহমানের ছোট ভাই স্কোয়াড্রন লিডার (অব.) মো. শামসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ বুদ্ধিজীবী ফজলুর রহমান তৎকালীন গণপূর্ত মন্ত্রণালয়ের গৃহসংস্থান অধিদপ্তরের অধীন উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে সৈয়দপুর সেনানিবাসের অবকাঠামো নির্মাণকাজে যুক্ত ছিলেন। ১৯৭১ সালের ১ এপ্রিল হানাদার বাহিনী সৈয়দপুর সেনানিবাসে সরকারি বাসভবনের সামনে তাঁকে নির্মমভাবে হত্যা করে।