শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে ষড়যন্ত্রে উদ্বেগ
রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে একটি মহল। মহান মুক্তিযুদ্ধে বিজয়ের প্রাক্কালে তৎকলীন ইটখোলায় দেশের কৃতী সন্তান, বুদ্ধিজীবীসহ স্বাধীনতাকামী বাঙালিদের এখানে এনে নির্মমভাবে হত্যা করেছিল হানাদার পাকিস্তানি বর্বর সেনা ও তাদের এ দেশীয় সহযোগী রাজাকার-আলবদরেরা। এই বধ্যভূমিতে নির্মিত স্মৃতিসৌধটিকে এখন ধ্বংস করার বিভিন্ন কৌশল নিয়েছে একটি মহল। তাদের এই অপচেষ্টায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা।গতকাল বুধবার জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বলেছেন, মুক্তিযুদ্ধে আত্মদানকারী দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে নির্মিত ‘রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ’ নিয়ে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এ মহল গোপনে রাতের বেলায় স্মৃতিসৌধের দেয়ালঘেঁষে ধর্মীয় প্রতিষ্ঠানের নামে নানা ধরনের স্থাপনা নির্মাণ করছে। তারা দুরভিসন্ধিমূলকভাবে এ ধরনের স্থাপনা নির্মাণের মাধ্যমে স্মৃতিসৌধের অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের এ দেশীয় দালাল রাজাকার-আলবদরদের বর্বরতা ও নৃশংসতার চিহ্ন মুছে ফেলার ষড়যন্ত্র করছে, যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।বিবৃতিতে তাঁরা বলেন, মহামান্য হাইকোর্ট এক রায়ে মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ স্থাপনা, গণকবর, স্মৃতিস্তম্ভ ও ঐতিহাসিক স্থানের পরিবেশ এবং সামগ্রিক আবহ বিনষ্ট হতে পারে—এমন কোনো কাঠামো নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন। কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করেই রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের পাশে স্থাপনা নির্মাণ করা হচ্ছে।বিবৃতিতে প্রতিনিধিরা রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধের ভাবগম্ভীর পরিবেশ ও পবিত্রতা রক্ষা এবং ভবিষ্যতে এর সম্প্রসারণের প্রয়োজনে স্মৃতিসৌধের চারদিকে নির্মিতব্য কাঠামো দ্রুত অপসারণ করে সংশ্লিষ্ট ভূমি অধিগ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহীদদের প্রতি যেকোনো ধরনের অসম্মান দেখানো এবং ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।বিবৃতিদাতারা হচ্ছেন: সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, সহসভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী, সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিরাজী, সাধারণ সম্পাদক আসলাম সানী, বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, সাধারণ সম্পাদক মাহবুবুল হায়দার, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, সাধারণ সম্পাদক কাজী মুকুল, প্রজন্ম ’৭১-এর সভাপতি শাহীন রেজা নূর, সহসভাপতি আসিফ মুনীর, সম্মিলিত নাগরিক আন্দোলনের সমন্বয়ক এস এম শামসুল আরেফিন। বিজ্ঞপ্তি।