শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

গতকাল সোমবার জাতির শ্রেষ্ঠসন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে দেশবাসী। রাজধানীর মিরপুরে এবং রায়েরবাজারে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সমবেত হয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে তাঁদের আত্মদানের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছে অগণিত মানুষ। সারা দেশেও পালিত হয়েছে দিনটি। জনতা দাবি তুলেছে একাত্তরের ঘাতক, যুদ্ধাপরাধীদের দল জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার। সেই সঙ্গে তারা পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছেদ করার দাবি করেছে।
মিরপুর: গতকাল ভোর পাঁচটা থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধকে কেন্দ্র করে মাজার রোড ও গাবতলী এলাকায় জনতার ঢল নামে। সকাল আটটা পাঁচ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।
সকাল ১০টা ২৫ মিনিটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধের মূল ফটক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন করেন হুসেইন মুহম্মদ এরশাদ, একাত্তরের ঘাতক দালাল নিমূর্ল কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ঐক্য ফোরাম (ন্যাপ), বাংলাদেশের কমিউনিস্ট পাটি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, গণতান্ত্রিক বাম মোর্চা, ঐক্য ন্যাপ, সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ মহিলা পরিষদসহ নানা সংগঠন।
এ সময় স্মৃতিসৌধের পাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। শিশু-কিশোর মেলা আয়োজন করে দেয়াল পত্রিকার। সন্ধানী আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
রায়েরবাজার: রাজধানীর রায়েরবাজার বধ্যভূমির স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা। যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়ায় পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন এবং যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ছিল তাঁদের কণ্ঠে। সকাল সাড়ে সাতটা থেকে বধ্যভূমিতে নামে জনতার ঢল। শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের নিয়ে গঠিত প্রজন্ম ’৭১-এর সঙ্গে বধ্যভূমির স্মৃতিসৌধে আসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। শ্রদ্ধা জানানোর পর তিনি বলেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং জামায়াতের রাজনীতি করার কোনো অধিকার থাকবে না। অচিরেই জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করা হবে।’
পরে আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের প্রতিবাদে একটি মানববন্ধন করেন প্রজন্ম ’৭১-এর সদস্যরা। বুদ্ধিজীবী স্মৃতিসৌধ চত্বরে মানববন্ধন করে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ ’৭১। শ্রমিক-কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের নেতা নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের পাশে স্মৃতি চিরন্তনে স্মৃতিচারণ ও প্রদীপ প্রজ্বলন করেন শহীদ বুদ্ধিজীবীর সন্তানেরা। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ এই অনুষ্ঠানের অয়োজন করে। এতে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে জাহীদ রেজা নূর, নিজামুদ্দিন আহমেদের ছেলে শাফকাত নিজাম ও সেলিনা পারভীনের ছেলের সুমন জাহিদ ও শিক্ষাবিদ আনোয়ার পাশার ছেলে রবিউল আফতাব স্মৃতিচারণ করেন।