শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুদ্ধিজীবী দিবস পালিত
বুদ্ধিজীবী দিবস পালিত

একাত্তরের শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধাভরে স্মরণ করল জাতি। ভোর পাঁচটা থেকেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বাইরে মাজার রোড ও গাবতলী এলাকায় জনতার ঢল নামে।

সকাল ৮টা পাঁচ মিনিটে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা । এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। সেনাবাহিনীর একটি চৌকস দল সশস্ত্র সালাম জানায়।

এ সময় মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান এবং আওয়ামী লীগসহ ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং স্থানীয় সাংসদ আসলামুল হক। শেখ হাসিনা সেখানে পৌঁছে প্রথমে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ভোর পাঁচটা থেকেই মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের বাইরে মাজার রোড ও গাবতলী এলাকায় জনতার ঢল নামে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের সময় আশপাশের সব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর সকাল ৮টা ১৫ মিনিটে স্মৃতিসৌধের মূল ফটক সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল ৮টা ৩৫ মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির পক্ষ থেকে হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল ৯টা ১৩ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সদস্যরা। এরপর শ্রদ্ধা নিবেদন করে স্বাচিপ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। সকাল ৯ টা ২৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। সকাল সাড়ে ৯ টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, ৯টা ৪৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে ঐক্য ফোরাম (ন্যাপ)।

সকাল ১০টা ২৫ মিনিটে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি নেত্রী খালেদা জিয়া চলে যাওয়ার পর স্মৃতিসৌধে ১০টা ৫০ মিনিটে শ্রদ্ধা নিবেদন করে গণফোরাম।

বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সাধারণ মানুষেরা আসেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এ সময় স্মৃতিসৌধের পাশে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। শিশু কিশোর মেলা আয়োজন করে দেয়াল পত্রিকার। সন্ধানী আয়োজন করে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির।