শহীদ মতিউর পার্ক সংযোগ সড়কটি যেন বাসস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উনসত্তরের আন্দোলনে শহীদ মতিউরের নামে করা গুলিস্তান পার্কের সংযোগ সড়কটি এখন ‘বাসস্ট্যান্ড’ হয়ে গেছে। সেখানে বেপরোয়াভাবে খালি বাস ফেলে রাখায় প্রতিদিন যানজট হচ্ছে। এর প্রভাব পড়ছে গুলিস্তান, রাজউক অ্যাভিনিউসহ আশপাশের এলাকায়। যানজট হচ্ছে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কের কাছেও। গতকাল সোমবার সকালে এলাকায় গিয়ে এই অবস্থা দেখা যায়।
গুলিস্তান হয়ে অন্যত্র যাওয়ার জন্য এই সংযোগ সড়কটি ব্যবহার করা হয়। ১৯৯৮-৯৯ সালে গুলিস্তান পার্কের ভেতরে গাছ কেটে সংযোগ সড়ক তৈরি করা হয়। পরবর্তী সময়ে সংযোগ সড়কটি কাজেও লাগে। কিন্তু বর্তমানে সড়কটি ব্যবহৃত হতে পারছে না।
গতকাল দেখা যায়, হাটখোলা ও জয়কালী মন্দির রোড হয়ে গুলিস্তানের দিকে যাওয়ার জন্য বাসসহ যেসব যানবাহন আসছিল, সেগুলো বঙ্গভবনের পেছনের ফটকের পাশ দিয়ে পার্কের সংযোগ সড়কে ঢুকতে গিয়েই থেমে পড়তে বাধ্য হচ্ছিল। কারণ, সেখানে দক্ষিণ থেকে উত্তর দিকের পুরো রাস্তার প্রায় অর্ধেক অংশ খালি বাস দাঁড় করিয়ে ‘বাসস্ট্যান্ড’ তৈরি করা হয়েছে। এগুলোর মধ্যে বেশির ভাগই হচ্ছে মাওয়া রুটের বাস ‘ইলিশ’। এ ছাড়া রয়েছে নারায়ণগঞ্জ, মেঘনা, সোনারগাঁ ইত্যাদি রুটের বাস।
হাটখোলা থেকে রিকশায় গুলিস্তানে যাচ্ছিলেন মধ্যবয়সী আজমল হোসেন। ভাম অ্যান্ড কোম্পানি থেকে ওষুধ কিনতে যাবেন। তিনি বললেন, প্রায় আধা ঘণ্টা এখানেই দাঁড়িয়ে আছে রিকশা। পরে বাধ্য হয়ে তিনি রিকশা ছেড়ে দিয়ে হেঁটেই রওনা দিলেন।
রিকশাচালকও বিরক্ত। কারণ, এই অবস্থায় তিনি পেছনে ফিরে যেতে পারছেন না। বললেন, ‘আমরা ফাওল (ফাউল) করলে ট্রাফিক পুলিশ বাইরায়। বাস অলাগোরে কিচু কয়না। দ্যাখেন, রাস্তা বন্দ কইরা দাড়ায়া আচে।’
ইলিশ পরিবহনের বেশির ভাগ বাস শুধু দাঁড়িয়েই আছে। চালক বা কর্মচারীদের কেউ কেউ ভেতরে ঘুমিয়ে আছেন। কেউ ঘুরে বেড়াচ্ছেন। একটি বাসের রফিকুল নামের একজন কর্মচারী পাওয়া গেল। এখানে বাস রাখার অনুমতি কে দিয়েছে—এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি ছোটখাটো মানুষ। রাখতে কইছে রাখছি।’ কে রাখতে বলেছে জানতে চাইলে তিনি এড়িয়ে যান।
গুলিস্তানের দিকে এগিয়ে গিয়ে দেখা যায়, ফুটপাত বা রাস্তায় কোনো হকার নেই। কিছুদিন আগে দেখা গিয়েছিল গুলিস্তান পাতাল মার্কেট থেকে সার্জেন্ট আহাদ পুলিশ বক্সের সামনে পুরো রাস্তায় বাস আর বাস। সুন্দরবন শপিং কমপ্লেক্সের পাশ থেকে নবাবপুর যাওয়ার পথেও বাস।