শহীদ মনসুর আলীর বাড়িকে জাদুঘর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের দক্ষিণ রাঘবপুরে অবস্থিত চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর বাড়িটিকে সংরক্ষণ করে জাদুঘর স্থাপনের দাবি উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ওই বাড়িতে ‘বঙ্গবন্ধু, শহীদ এম মনসুর আলী ও বাংলাদেশ’ শীর্ষক স্মারক বক্তৃতা সভায় এ দাবি জানানো হয়।সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল খালেক। তিনি বলেন, যারা স্বাধীনতা চায়নি, গণতন্ত্র চায়নি, তারাই বঙ্গবন্ধুসহ চার নেতাকে হত্যা করেছে। ক্যাপ্টেন মনসুর আলীর মতো সহযোদ্ধা ছিলেন বলেই বঙ্গবন্ধু দেশ স্বাধীন করতে পেরেছিলেন। তিনি মনসুর আলীর ঐতিহাসিক বাড়িটিকে সংরক্ষণ করে স্মৃতি জাদুঘর করার দাবি জানান।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোজাফফর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাবনা-৪ আসনের সাংসদ শামসুর রহমান শরীফ, ক্যাপ্টেন মনসুর আলীর পৌত্র ও সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ তানভীর শাকিল, সাবেক সাংসদ গোলাম হাসনায়েন, আমজাদ হোসেন প্রমুখ।