শহীদ মিনার অনুষ্ঠানের জন্য উন্মুক্ত রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনার সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য উন্মুক্ত রাখতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সহযোগিতা চেয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল বৃহস্পতিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে গিয়ে এ আহ্বান জানান। নেতারা বলেন, সংস্কৃতিকর্মীরা মনে করেন, ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কেন্দ্রীয় শহীদ মিনার ব্যবহারে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। জোটের নেতারা ঐতিহ্য ও পবিত্রতা রক্ষা করে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য শহীদ মিনার উন্মুক্ত রাখা এবং জাতীয় অনুষ্ঠান আয়োজনে তাঁর সহযোগিতা চান। অ্যাটর্নি জেনারেল বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়া হবে বলে নেতাদের জানান। সাংস্কৃতিক জোটের নেতা মামুনুর রশীদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, শহীদ মিনারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে সংস্কৃতিকর্মীদের দাবির সঙ্গে অ্যাটর্নি জেনারেল একমত হন। বিষয়টি পুনর্বিবেচনা করার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন। বৈঠকে জোটের নেতাদের মধ্যে উপস্থিতি ছিলেন নাসিরউদ্দীন ইউসুফ, রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, মফিদুল হক, ম হামিদ, গোলাম কুদ্দুস, হাসান আরিফ, লিয়াকত আলী লাকি ও ঝুনা চৌধুরী।