আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাব ও পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আশপাশে কিছু সড়কপথে জনসাধারণ ও যান চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ শহীদ মিনার পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, শহীদ মিনার এলাকায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। সাদাপোশাকে র্যাবের গোয়েন্দা সদস্যরা দায়িত্ব পালন করবেন। প্রস্তুত থাকবে স্ট্রাইকিং ফোর্স, ডগ স্কোয়াড। দেশের চলমান অবস্থা বিবেচনা করে এ দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেন, একুশে ফেব্রুয়ারি যথাযথ ও সুশৃঙ্খলভাবে উদ্যাপন করার জন্য ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা দুইটা পর্যন্ত কিছু সড়কে জনসাধারণের ও সব ধরনের যানবাহনের চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে ওই সময় উল্লিখিত রাস্তায় যানবাহন প্রবেশের সুযোগ পাবে।
কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়ার রাস্তা: আজিমপুর গোরস্থানের মূল ফটক থেকে (গোরস্থানের দক্ষিণ পার্শ্বে) বের হয়ে আজিমপুর সড়ক, আজিমপুর বেবি আইসক্রিম মোড়, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে শহীদ মিনারে যাওয়া যাবে।
বকশীবাজার, চকবাজার, উর্দু রোড, ঢাকেশ্বরী সড়ক, নাজিম উদ্দিন সড়ক, বাবুপুরা সড়ক এলাকার জনসাধারণ পুরাতন রেলওয়ে হাসপাতাল সড়ক, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তাও শহীদ মিনারে যেতে ব্যবহার করতে পারবে।
আবদুল গণি সড়ক, তোপখানা সড়ক, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (পার্ক অ্যাভিনিউ) এলাকার যে সমস্ত জনসাধারণ গোরস্থানে না গিয়ে শহীদ মিনারে যেতে চান, তাঁরা হাইকোর্ট, দোয়েল চত্বর ক্রসিং, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, টিএসসির মোড়, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তা দিয়ে যেতে পারবেন।
রোকেয়া হল, শামসুন্নাহার হল এবং বিশ্ববিদ্যালয়ের কলাভবন এলাকা থেকে সরাসরি শহীদ মিনারে যাওয়া যাবে। নীলক্ষেত পুলিশ ফাঁড়ি, পলাশী ক্রসিং, এসএম হল এবং জগন্নাথ হলের সামনের রাস্তাও ব্যবহার করা যাবে।
শহীদ মিনার থেকে বের হওয়ার রাস্তা: শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর শুধু ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে অথবা দোয়েল চত্বর দিয়ে জনসাধারণ বের হতে পারবেন।
আজ রাত আটটা থেকে শহীদ মিনারে
নির্দিষ্ট পথে চলাচল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার রাত আটটা থেকে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মোড় থেকে উত্তর দিকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা ধরে শহীদ মিনার ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা জনসাধারণের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। একই সঙ্গে উপাচার্য ভবনের ফটক থেকে ফুলার রোড মোড় এবং চানখাঁর পুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তাও বন্ধ থাকবে।