শহীদ মিনার ঘিরে নির্মাণসামগ্রীর স্তূপ
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার দুই মাস ধরে একটি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী ও কাদামাটির স্তূপের নিচে ঢাকা পড়ে গেছে৷
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘ইট ও কাদামাটির স্তূপের কারণে ওখানে যে শহীদ মিনার আছে, তা বোঝাটা কষ্টকর৷ আমরা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে এ ব্যাপারে একটি অভিযোগ দেব।’
বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নাট্যজন সৈয়দ দুলাল বলেন, ‘বরিশাল সিটি করপোরেশনের উদ্যোগে শহীদ মিনারের পাশে একটি নির্মাতাপ্রতিষ্ঠান নির্মাণকাজ করছে। সেই কাজটি হোক, আমরা তা চাই। কিন্তু এ জন্য শহীদ মিনারের পবিত্রতা নষ্ট করা হবে, শহীদ মিনারকে কাদামাটি ও ইট দিয়ে ঢেকে দেওয়া হবে, তা মেনে নেওয়া যায় না।’
বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংরক্ষণ কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. শহীদুল আলম বলেন, ‘আমি শহীদ মিনার সংরক্ষণ কমিটির সভাপতি ঠিকই; কিন্তু এর কোনো সভা হয় না। দ্রুত শহীদ মিনার এলাকা থেকে মাটি ও নির্মাণসামগ্রী সরানোর ব্যবস্থা করব৷’ নির্মাণপ্রতিষ্ঠান এম এস মোমেন সিকদার জেবির ঠিকাদার মোমেন সিকদার বলেন, ‘আমরা দ্রুততম সময়ের মধ্যে মাটি সরানোর ব্যবস্থা করব।’