
রাষ্ট্রের দৈন্যের কারণে ভাষাসৈনিক আবদুল মতিনের মৃত্যুর পর তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়নি বলে মনে করছেন বিশিষ্টজনেরা। তাঁদের মতে, কেন্দ্রীয় শহীদ মিনার জনগণের, বিশেষ কোনো দলের নয়। এখানে কাউকে আসতে বাধা দেওয়ার উদ্যোগ তাঁরা মেনে নেবেন না।
গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ভাষাসৈনিক আবদুল মতিনের স্মরণসভায় বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ‘ভাষাসংগ্রামী কমরেড আবদুল মতিন স্মরণ জাতীয় কমিটি’ এই সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক আহমেদ রফিক। সভা পরিচালনা করেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘ভাষা-মতিন রাষ্ট্রের আমলা বা আইনজীবী হতে পারতেন অথবা দেশের তথাকথিত রাজনীতিতে যোগ দিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারতেন। প্রতিদিন খবরের কাগজে তাঁর নাম আসত। কিন্তু তিনি সেটা করেননি। ব্যক্তি মতিনের এসবের প্রতি কখনো মোহ ছিল না। যারা এসবের মূল্য দিতে যানে না তারা ভিক্ষুক। আজ দেশ ভিক্ষুকের দেশে পরিণত হয়েছে।’
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আবদুল মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হলো না। আমরা এর প্রতিবাদও করলাম না। আমরা ভীত ও ক্লিব। সর্বশেষ শুনেছিলাম সাংস্কৃতিক ব্যক্তিত্বরা সরকারের কাছে মতিনকে রাষ্ট্রীয় সম্মান দেখানোর প্রস্তাব করবেন। কিন্তু সেটাও তাঁরা করেননি।’ প্রয়াত এই ভাষাসৈনিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনাকে যথাযথ সম্মান দেখাতে না পারায় ক্ষমা চাইছি।’
ইংরেজি দৈনিক দ্য নিউ এজ-এর সম্পাদক নুরুল কবীর বলেন, ভাষা-মতিন আজীবন সংগ্রাম করে গেছেন, কখনো মাথা নত করেননি। তাঁর মতো সংগ্রামীরা শিখিয়ে গেছেন শহীদ মিনার স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই শহীদ মিনারের আদলেই সারা দেশে হাজার হাজার শহীদ মিনার গড়ে উঠেছে। তিনি বলেন, ‘শহীদ মিনার যেন জনতার পক্ষের রাজনৈতিকদের কাছে থাকে সে জন্য আমাদের সংগ্রাম করে যেতে হবে।’
ভাষা-মতিনের স্ত্রী গুলবদন নেসা মনিকা বলেন, ‘তরুণ প্রজন্ম ও প্রগতিশীল রাজনৈতিকদের প্রতি আমার আহ্বান থাকবে, ভাষা-মতিনের ইতিহাস যেন অক্ষুণ্ন²থাকে। আমি আপনাদের ওপর এই দায়িত্ব দিয়ে গেলাম।’
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, গত তিন বছরে সারা দেশে ৭৮টি শহীদ মিনার ভেঙে ফেলা হয়েছে। সুতরাং, আঘাতগুলো কোন দিক থেকে আসে সেটা খেয়াল করতে হবে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি ফয়জুল হাকিম বলেন, ‘এই শহীদ মিনার জনগণের, অন্য কারও নয়। এখানে কাউকে আসতে দেওয়া হবে না, সেটা হতে পারে না।’
স্মরণসভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আকমল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ, বাম নেতা মোশরেফা মিশু, নুরুর রহমান সেলিম, সাইফুল হক, হামিদুল হক প্রমুখ বক্তব্য দেন।