শহীদ মিনার থেকে পোস্টার অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দিন আগেও কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারটির মেঝে থেকে শুরু করে মিনার পর্যন্ত আসন্ন শিল্প ও বণিক সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের পোস্টারে ঢাকা ছিল। গতকাল সোমবার দুপুরের আগেই শহীদ মিনার থেকে সাঁটানো পোস্টার সরিয়ে নেওয়া হয়েছে। এতে করে শহীদ মিনারটি স্বাভাবিক চেহারা ফিরে পেল।
গতকাল সোমবার প্রথম আলোয় ‘প্রার্থীদের পোস্টারে ঢেকে গেছে শহীদ মিনার, কার্যালয়’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বেশ কয়েকজন প্রার্থীকে তাঁরা শহীদ মিনারে আসতে দেখেন। পরে প্রার্থীদের লোকজন পোস্টার ছিঁড়ে পরিচ্ছন্ন করে যান। গতকাল বিকেলে গিয়ে দেখা যায়, শহীদ মিনার পরিচ্ছন্ন করা হলেও এর ডানে-বাঁয়ে পোস্টার রয়ে গেছে। পৌর ভবন থেকেও সব পোস্টার অপসারণ করা হয়নি।
ভৈরব শিল্প ও বণিক সমিতির নির্বাচন ১৫ জুন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৮ জন। বাড়ি বাড়ি গিয়ে ব্যক্তিগত যোগাযোগ, মুঠোফোন, ফেসবুকসহ প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি প্রার্থীরা পোস্টারে শহর ছেয়ে ফেলেন। পোস্টার সাঁটানো বাদ পড়েনি শহরের প্রধান শহীদ মিনার, পৌরসভা কার্যালয়, গণশৌচাগার, বৈদ্যুতিক খুঁটি, সিঁড়ি, বসার স্থান, ভ্রাম্যমাণ ট্রান্সফরমার, বস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর ও ডাস্টবিনও।