শহীদ মিনার নির্মাণের দাবিতে বিক্ষোভ
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর জামতলা হাইস্কুলে শহীদ মিনার নির্মাণের দাবিতে শিক্ষার্থীরা সোমবার বিক্ষোভ মিছিল করেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় জামতলা হাইস্কুলে শহীদ মিনার নির্মাণের জন্য ২৫ হাজার টাকা বরাদ্দ আসে। কিন্তু বরাদ্দ করা টাকা ওই সময় ১৪৪ জন শ্রমিক কাজ করেছেন দেখিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে কাজ সম্পন্নের প্রতিবেদন দাখিল করা হয়। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত কোনো কাজই হয়নি। স্থানীয় আওয়ামী লীগের নেতা ও বিদ্যালয়ের অভিভাবক সদস্য আক্কাছ আলী বলেন, ‘বরাদ্দ করা টাকা উত্তোলনের পর বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির কাছে রয়েছে। শিক্ষক ও পরিচালনা কমিটির কয়েকজন সদস্যের মধ্যে দ্বিমত দেখা দেওয়ায় কাজ করা সম্ভব হয়নি।’বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম মিয়া বলেন, ‘শহীদ মিনার নির্মাণ করবে কি না, এটা সম্পূর্ণ পরিচালনা কমিটির ব্যাপার। তবে শিক্ষক ও ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে শহীদ মিনারের দাবি জানিয়ে আসছে।’বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম খান বলেন, ‘খরচ করার পর আট হাজার টাকা পেয়েছি। দ্রুত শহীদ মিনারটি করে ফেলব।’