শহীদ মিনার পরিষ্কার করলেন তরুণেরা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার করলেন একদল তরুণ। গত বৃহস্পতিবার বিকেলে চলে তাঁদের এ পরিচ্ছন্নতা অভিযান। তাঁরা প্রত্যেকে স্বেচ্ছাসেবী সংগঠন পিস ফাইন্ডার ও স্বাধীন মঞ্চের সদস্য।
সরেজমিনে দেখা যায়, ১৪ জন তরুণ দুটি দলে ভাগ হয়ে পৌরসভার পুরাতন বিমানবন্দর সড়কে অবস্থিত শহীদ মিনার পরিষ্কারে নেমেছেন। সবার মাথায় লাল–সবুজ কাপড় মোড়ানো। একটি দল ঝাড়ু দিচ্ছে। অপর দল পাদদেশ থেকে ময়লা–আবর্জনা কুড়িয়ে নিয়ে বস্তায় ভরে এনে ফেলছে পৌরসভার নির্ধারিত ডাস্টবিনে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তঁারা শহীদ মিনার পরিচ্ছন্ন করে তোলেন।
পিস ফাইন্ডারের প্রতিষ্ঠাতা আদনান রামিম প্রথম আলোকে বলেন, ‘বিজয়ের মাস ডিসেম্বর শুরু হয়েছে। প্রতিদিন সম্ভব না হলেও অন্তত ডিসেম্বর মাসে শহীদ মিনারটি পরিষ্কার রাখতে চাই।’ তিনি অভিযোগ করেন, সারা বছর শহীদ মিনারটি অযত্নে–অবহেলায় পড়ে থাকে। এটির প্রতি কারও যেন দায়িত্ব নেই।
স্বাধীন মঞ্চের সমন্বয়কারী আবুল মাসরুর বলেন, ‘তরুণদের মধ্যে দেশপ্রেম জাগাতে আমাদের এ উদ্যোগ। শহীদ মিনারের প্রতি অবহেলা মানে পুরো জাতির অবহেলা। আমরা মানুষকে এ বিষয়ে সচেতন করতে চাই।’
শহীদ মিনারের পাশের দোকানদার মো. সোহেল বলেন, ‘১৪ জন তরুণ আমাদের চোখ খুলে দিয়েছেন। শহীদ মিনার যাতে পরিষ্কার থাকে, এখন থেকে আমরা সেদিকে খেয়াল রাখব।’
জানতে চাইলে চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী বলেন, পৌরসভার নির্দিষ্ট ডাস্টবিন থাকার পরও কিছু মানুষ শহীদ মিনারের পাদদেশে ময়লা ফেলেন। এ ব্যাপারে স্থানীয় লোকজনকে সচেতন করতে উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদেরও শহীদ মিনারের প্রতি খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।