শহীদ মিনার পরিষ্কার করলেন সংস্কৃতিকর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গতকালের সকালটা ছিল অন্য রকম। শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নানা বয়সী শিক্ষার্থীদের সঙ্গে একদল সংস্কৃতিকর্মীর জমায়েত সেখানে। সমবেত ব্যক্তিরা হাতে ঝাড়ু নিয়ে পরিষ্কার করেন শহীদ মিনার।
গতকাল শুক্রবার সকালে এ কর্মসূচির আয়োজন করে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন (পিটিএ)। কেন্দ্রীয় শহীদ মিনারের সঙ্গে একযোগে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত শহীদ মিনার পরিচ্ছন্নতার এই আয়োজনে অংশ নেয় পিটিএর অন্তর্ভুক্ত সারা দেশের ২০০টি শিশু সংগঠন এবং ৮০টি যুব সংগঠন। সংগঠনটির ‘জাতীয় ও আন্তর্জাতিকভাবে ভাষার মর্যাদা সমুন্নত রাখা ও শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি’র আওতায় নিজ এলাকার শহীদ মিনার পরিষ্কার-পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহীদ মিনার পরিষ্কার করে অংশগ্রহণকারীরা শপথ নেন ‘স্মৃতির মিনার মোর পবিত্র, ভাষার মান সমুন্নত’।
আয়োজক সংগঠন পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন পিটিএর অন্যতম সংগঠক সৈয়দ দুলাল, উপদেষ্টা এস এম মহসীন, সম্পাদকমণ্ডলীর সদস্য ইয়াসমীন আলী প্রমুখ।
লিয়াকত আলীর নেতৃত্বে অংশগ্রহণকারী সংগঠনগুলোর শিশু-কিশোরেরা আলাদা দলে ভাগ হয়ে শহীদ মিনারের মূল বেদিসহ চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করে। উদ্বোধন শেষে শিশু-কিশোর বন্ধুদের অংশগ্রহণে প্রথমে ভাষাশহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন এবং ভাষাশহীদদের প্রতি সম্মান জানিয়ে ‘আমার ভাইয়ের রক্তের রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’ গানটি পরিবেশনের মাধ্যমে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি নাচ, গান, আবৃত্তি দিয়ে সাজানো হয়েছিল।