শহীদ মিনার ভাঙার অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার
ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে করা মামলায় চাইরবাড়িয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও জামায়াতে ইসলামীর নেতা মো. আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। হাইকোর্টের নির্দেশে গতকাল বৃহস্পতিবার আদালত থেকে বের হওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি ‘শহীদ মিনার ভেঙে পুকুরে ফেলে দিল জামায়াত নেতা!’ শিরোনামে একটি দৈনিকে প্রতিবেদন ছাপা হয়। এটি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শুনানির পর আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। একই সঙ্গে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) চার ব্যক্তিকে ১ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ দেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ।আদেশ অনুযায়ী, গতকাল গফরগাঁও উপজেলা জামায়াতের সেক্রেটারি ও মাদ্রাসার অধ্যক্ষ আবু তালেব, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা আদালতে হাজির হন। তবে অধ্যক্ষ ছাড়া অন্যদের অব্যাহতি দেন আদালত। আবু তালেবকে গ্রেপ্তারের বিষয়ে গফরগাঁও থানার ওসি ওমর ফারুক বলেন, আদালতের নির্দেশনার পর আবু তালেবকে গ্রেপ্তার করে রাতে গফরগাঁও থানায় আনা হয়।