শহীদ মিনার সড়কে পিকআপস্ট্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজের পশ্চিম ফটকের সামনের সড়কে অবৈধভাবে গড়ে উঠেছে পিকআপ ও রিকশাস্ট্যান্ড। ছবিটি গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজের পশ্চিম ফটকের সামনের সড়কে অবৈধভাবে গড়ে উঠেছে পিকআপ ও রিকশাস্ট্যান্ড। ছবিটি গত বুধবার বিকেলে তোলা l প্রথম আলো

ঢাকা মেডিকেল কলেজের পশ্চিম পাশে শহীদ মিনার সড়কে অবৈধভাবে গড়ে উঠেছে পিকআপস্ট্যান্ড ও রিকশার গ্যারেজ। তা ছাড়া এই সড়কের দুপাশের ফুটপাতে রয়েছে অবৈধ দোকানপাট ও ছিন্নমূলদের বস্তি।

পথচারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই সড়কের ফুটপাত দখল করে বস্তি, দোকানপাট ও রিকশার গ্যারেজ গড়ে উঠেছে। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। ঝুঁকি নিয়ে সড়কে চলাচল করছে পথচারীরা। এ ছাড়া সড়কে পিকআপস্ট্যান্ড গড়ে ওঠায় পথচারীদের ঝুঁকি আরও বেড়েছে। অবিলম্বে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে হবে। এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ডের আওতাধীন।

গতকাল শুক্রবার দুপুরে সরেজমিনে দেখা যায়, ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাঝে রয়েছে শহীদ মিনার রোড। ঢাকা মেডিকেল কলেজের পুরাতন ফটকের সামনে থেকে নতুন ফটক পর্যন্ত সড়কের পূর্ব পাশে ২৫ থেকে ৩০টি পিকআপ রাখা হয়েছে। এই অংশের ফুটপাত পয়োবর্জ্যসহ ময়লা-আবর্জনায় ভরা। তা ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত সড়কের পূর্ব পাশের ফুটপাতে রয়েছে ২০ থেকে ২৫টি অস্থায়ী ভাত ও চায়ের দোকান। এসব দোকানের ময়লা-আবর্জনা ফুটপাতে ছড়িয়ে রয়েছে। এই অংশে সড়কে অর্ধশতাধিক রিকশা সারি করে রাখা। পৃথক দশটি স্থানে পলিথিন দিয়ে শামিয়ানা টানিয়ে বসতি গড়েছে ছিন্নমূল মানুষ। একইভাবে সড়কের পশ্চিম পাশেও ৩০ থেকে ৪০টি রিকশা রাখা হয়েছে। ফুটপাত দখল হওয়ায় লোকজন সড়ক দিয়ে চলাচল করছে।

বিকেল সাড়ে চারটার দিকে ওই সড়ক দিয়ে হেঁটে শহীদ মিনারে যাচ্ছিলেন পুরান ঢাকার বকশীবাজারের বাসিন্দা আনোয়ার হোসেন ও আমজাদ আলী। তাঁরা বলেন, আগে এই সড়কের দুপাশের ফুটপাতে দোকানপাট ও বস্তি ছিল। কিন্তু এক বছর ধরে সড়কে পিকআপ রাখা হচ্ছে। এর সঙ্গে শতাধিক রিকশাও রাখা হয়। অবিলম্বে তাদের উচ্ছেদ না করলে সড়কটিতে স্থায়ীভাবে স্ট্যান্ড তৈরির আশঙ্কা রয়েছে।

ফুটপাতের চায়ের দোকানি মোস্তাকিম বলেন, প্রায় ছয় মাস আগে ফুটপাতের এক পাশে চায়ের দোকান বসিয়েছেন তিনি। এতে পথচারীদের চলাচলে সমস্যা হয় না। দিন শেষে নিজেই দোকানের চারপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

পিকআপচালক মোস্তাক মোল্লা বলেন, পিকআপের মালিকের নির্দেশে তিনি এই সড়কে গাড়ি রাখেন। তাঁর কাছে মালিকের মুঠোফোন নম্বর চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন।

জানতে চাইলে ডিএসসিসির ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, কাল (রোববার) সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, বসতি ও পিকআপ এবং রিকশাস্ট্যান্ড উচ্ছেদ করতে ডিএসসিসির সম্পত্তি বিভাগে আবেদন করা হবে। নাগরিকদের চলাচলের জন্য ফুটপাত পথচারীবান্ধব করা হবে।