আন্দোলনরত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটকে গতকাল শনিবারও কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচি পালন করতে দেয়নি পুলিশ। পরে তাঁরা সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে বিকেল পর্যন্ত অনশন পালন করেন। শুক্রবারও পুলিশের বাধা পেয়ে উদ্যানে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা।ঐক্যজোটের সভাপতি মো. এশারত আলী বলেছেন, আজ রোববার সকাল ১০টায় মগবাজারে অবস্থিত জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ের সামনে অনশন পালন করা হবে।আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালনের জন্য জড়ো হতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয়। পরে তাঁরা শহীদ মিনারের বিপরীত দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনের সামনের ফুটপাতে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। কিন্তু দুপুরের পর পুলিশ সেখান থেকেও তাঁদের সরে যেতে বলে। পরে শিক্ষক-কর্মচারীরা সোহরাওয়ার্দী উদ্যানে এসে কর্মসূচি পালন করেন।স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত (বেতন বাবদ মাসিক সরকারি টাকা) করাসহ চার দফা দাবিতে ৭ জানুয়ারি থেকে কর্মসূচি পালন করে আসছে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। সোমবার থেকে পর পর তিন দিন জাতীয় প্রেসক্লাবের সামনে তাঁদের অবস্থান ও মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। একদিন পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষও হয়। বৃহস্পতিবার শহীদ মিনারে অনশন শুরু করলে কাঁদানে গ্যাস প্রয়োগ করে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। শুক্রবারও বাধা দেয় পুলিশ। পুলিশ বলছে, অনুমতি না থাকায় শহীদ মিনারে কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না। এমপিওভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছে এই সংগঠনটি।ধর্মঘট: জাতীয় শিক্ষানীতির পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৭ দফা দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ গতকাল থেকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘট শুরু করেছে। পরিষদের সমন্বয়ক মো. জাহাঙ্গীর বলেন, প্রথম দিন সফলভাবে ধর্মঘট পালিত হয়েছে।শিক্ষক-কর্মচারী ঐক্যজোট চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল তৃতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছে। সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, ২৩ জানুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালনের জন্য অনুমতি চাওয়া হলে তা দেওয়া হয়নি। বিজ্ঞপ্তিতে এ জন্য ক্ষোভ প্রকাশ করা হয়।