শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল মঙ্গলবার পূর্ব ঘোষণা অনুযায়ী প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা। দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত ‘স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই’ শিরোনামে এ কর্মসূচির আয়োজন করা হয়।যোগাযোগ ও নৌপরিবহনমন্ত্রীসহ দুর্নীতিবাজ মন্ত্রীদের পদচ্যুত করাসহ সাত দফা দাবিতে এ কর্মসূচি পালিত হয়। একই দাবিতে একই সময়ে বিভিন্ন জেলার শহীদ মিনারের সামনেও অনুরূপ কর্মসূচি পালিত হয়। আয়োজকেরা জানান, দুর্নীতি, অব্যবস্থাপনা ও অযোগ্যদের বিরুদ্ধে সামাজিক এই আন্দোলন চলবে।কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে সভাপতিত্ব করেন লেখক সৈয়দ আবুল মকসুদ। তিনি বলেন, ‘সরকার বা কোনো ব্যক্তি বা কোনো রাজনৈতিক দলের পক্ষে-বিপক্ষে আমাদের আন্দোলন নয়। এই আন্দোলন নির্দলীয় নাগরিক আন্দোলন।’আবুল মকসুদ বলেন, ‘দেশের প্রত্যেক নাগরিকের স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা দাবিতে আমরা এই আন্দোলনে নেমেছি। আজকে আমাদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে দেশের অন্যান্য স্থানেও শহীদ মিনারের সামনে ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা অবস্থান কর্মসূচি পালন করছে।’তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যু ৎ -বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মো. শহিদুল্লাহ বলেন, আজকে দেশের সব সমস্যার পেছনে একটি বড় কারণ দুর্নীতি।স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের অন্যতম সংগঠক কামাল লোহানী বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ প্রতিটি আন্দোলনই সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে শুরু হয়েছিল। আজকে স্বাভাবিক মৃত্যু দাবি করে সামাজিক আন্দোলন শুরু হয়েছে। তা-ও সারা দেশে ছড়িয়ে পড়বে।বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম যোগাযোগমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘টাকার জন্যই কি আপনি আজ বড় বড় সব প্রকল্প নিয়ে ব্যস্ত।’সড়ক দুর্ঘটনায় নিহত মিশুক মুনীরের ছোট ভাই আসিফ মুনীর বলেন, ‘যে হারায়, সে-ই জানে এর কষ্ট কত তীব্র। আমি আজ ভাই হারিয়ে এই আন্দোলনে যুক্ত হয়েছি। এ দেশের প্রতিটি মানুষকে আমি এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।’সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌস, প্রকৌশলী ইনামুল হক, ছাত্রপ্রতিনিধি মানবেন্দ্র দেব, সাংবাদিক সাগর লোহানী, ভাস্কর রাশা, শিল্পী মাহমুদুজ্জামান বাবু, সড়ক দুর্ঘটনায় ছেলে হারানো মীর্জা শামসুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মুনমুন আহমেদ, মানবাধিকারকর্মী তালেয়া রেহমান, পাক্ষিক অনন্যার নির্বাহী সম্পাদক দিল মনোয়ারা, সাংবাদিক মুন্নী সাহা, প্রভাষ আমিনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। সমাবেশ পরিচালনা করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী।সংহতি: উদীচী শিল্পীগোষ্ঠী, গণশিল্পী সংস্থা, বাংলাদেশ যুব ইউনিয়ন, যুব মৈত্রী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, আদিবাসী ছাত্র পরিষদ, বাংলাদেশ কৃষক সমিতি, স্পর্ধা, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) ও বিপ্লবী ছাত্র মৈত্রী এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে। এসব সংগঠনের নেতা-কর্মীরাও শহীদ মিনারে আসেন। কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে রক্তের গ্রুপনির্ণয় কর্মসূচি পালন করে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল।