প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে মেডিকেল ও ডেন্টাল কলেজে আবার ভর্তি পরীক্ষা নেওয়াসহ তিন দফা দাবিতে আজ সোমবার রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-শিক্ষক-অভিভাবক গণজমায়েতের ডাক দিয়েছেন আন্দোলনরত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা।
গতকাল রোববার শহীদ মিনারে অবস্থান ধর্মঘট চলাকালে ছাত্র-অভিভাবক ঐক্য ফোরামের প্রচারপত্রের মাধ্যমে এ তথ্য জানানো হয়। প্রচারপত্রে উল্লেখ করা অপর দুটি দাবি হলো প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং আন্দোলনকারীদের ওপর পুলিশি হামলার বিচার করা।
আন্দোলনকারী ভর্তি-ইচ্ছুক মুহাইমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, গণজমায়েতের পর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে, ‘মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়া নতুন নয়। পাবলিক পরীক্ষা ও বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। প্রশ্ন নিয়ে বাণিজ্য চলে। একটা গোষ্ঠী এর সঙ্গে যুক্ত।’ প্রচারপত্রে আজকের গণজমায়েতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।
পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বেলা ১১টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা। সেখানে দুপুর পর্যন্ত অবস্থানের পর তাঁরা বিভিন্ন দলে ভাগ হয়ে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারপত্র বিলি করেন।