শহীদ মিনারে আলোক প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে  সম্মিলিত সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচারের দাবিতে গতকাল সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট l ছবি: প্রথম আলো

কেন্দ্রীয় শহীদ মিনারে আলোক প্রজ্বালনের মধ্য দিয়ে শেষ হলো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যার বিচারের দাবিতে সাংস্কৃতিক সংগঠনগুলোর পাঁচ দিনের সাংস্কৃতিক কর্মসূচি। গতকাল শনিবার সন্ধ্যায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে এই আলোক প্রজ্বালন করা হয়।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকাণ্ডের ঘটনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। গতকাল সকালে সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং মুক্তমনা এই শিক্ষক দুর্বৃত্তদের হামলায় নিহত হন।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমাদের এখানে দাঁড়ানোর কথা ছিল তনুর জন্য। কিন্তু সেই তনুর মিছিলে যুক্ত হয়েছে নতুন নাম। আরেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। কেন স্বাধীন দেশে একজন নাগরিককে জীবন দিতে হবে?’ তিনি এক মাসেও তনুর হত্যাকারীদের চিহ্নিত না করতে পারা এবং আরেকজন সাংস্কৃতিক ব্যক্তির হত্যাকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
কাল হরতাল: তনুর হত্যার বিচার এবং সারা দেশে গুম-খুন-ধর্ষণ ও বিচারহীনতার সংস্কৃতির প্রতিবাদে আগামীকাল সোমবার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করবে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে ছাত্রসংগঠনগুলোর এই দুই জোটের নেতারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক আশরাফুল আলম, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার, ছাত্র ফেডারেশনের সভাপতি ইমরান হাবিব, বিপ্লবী ছাত্র মৈত্রীর সভাপতি সালমান রহমান, ছাত্র ফ্রন্টের সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।