শহীদ মিনারে দুর্নীতিবিরোধী কর্মসূচি পালন করবে নাগরিক ঐক্য
রাজধানীর সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে দুর্নীতিবিরোধী অবস্থান কর্মসূচি পালনের অনুমোদন পায়নি নাগরিক ঐক্য। তাই আগামীকাল শুক্রবার বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে তারা। বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আজ বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ কথা জানান। তিনি বলেন, তাঁরা আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করেছিলেন। কিন্তু ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষ তাঁদের আবেদনের জবাব দেয়নি। নিয়মতান্ত্রিকভাবে যথাযথ কর্তৃপক্ষের কাছে কর্মসূচি পালনের অনুমোদন চেয়ে আবেদন করা হয়েছিল বলে জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘২৯ নভেম্বর ওয়ার্কার্স পার্টি সোহ্রাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে। ওয়ার্কার্স পার্টির সভাপতি সরকারের মন্ত্রী। ওনার জন্য এগুলো লাগেনি। আমরা তার বিরোধিতা করছি না। কিন্তু সরকার পক্ষ যখন চাইবে, তখন অনুমোদন লাগবে না, আর বিরোধী পক্ষ যখন চাইবে, তখন অনুমোদন লাগবে, এটা হয় না।’
লিখিত বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেন, দুর্নীতিবিরোধী কর্মসূচিতে সহায়তা না করে পুলিশ ও সরকার দুর্নীতির প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরেছে। তবে দুর্নীতিবিরোধী এই প্রচার অভিযান থেকে নাগরিক ঐক্য নিরন্ত থাকবে না। তিনি বলেন, দেশব্যাপী সর্বগ্রাসী দুর্নীতির ভয়াবহতা তাঁদের উদ্বিগ্ন করেছে বলেই এ কর্মসূচি দিয়েছেন।