পবিত্র ঈদুল ফিতরের দিন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছে ‘ছাত্র-শিক্ষক-পেশাজীবী জনতা’। গতকাল সোমবার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।ঈদের আগেই যোগাযোগমন্ত্রীর অপসারণসহ সাত দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, শহীদ মিনারে কোনো ঈদ উৎ সব হবে না। বরং অবিরাম সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে ঈদ উৎ সব বর্জন করে ঈদের দিন দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত সেখানে অবস্থান নেওয়া হবে।সংবাদ সম্মেলনে লেখক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘দেশে জ্যামিতিক হারে বৃদ্ধি পাওয়া সড়ক দুর্ঘটনায় স্কুলপড়ুয়া শিশু থেকে বিশ্ববরেণ্য চলচ্চিত্রকার কেউ রেহাই পাচ্ছে না। যে কেউ যেকোনো দিন এর নির্মম শিকার হতে পারে। তাই বিবেকের তাড়নায় “ছাত্র-শিক্ষক-পেশাজীবী-জনতা” গড়ে তোলা হয়েছে। আমরা এই রাষ্ট্রে স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চাই।’ আবুল মকসুদ বলেন, ‘আমরা ২৪ আগস্ট শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে বলেছি, তারেক মাসুদ ও মিশুক মুনীরের নিহত হওয়ার দায় রাষ্ট্রকে স্বীকার করতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি ছিল ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে পদচ্যুত করার। গত কয়েক দিনে অসংখ্য মানুষের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। তাঁদের সমর্থন আমাদের কাজ ও দায়িত্বকে আরও বাড়িয়ে দিয়েছে।’মিশুক মুনীরের স্ত্রী মঞ্জুলী কাজী বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে বলেছিলাম, আমি আপনার কাছে আমার জন্য আসিনি। আমি আমার স্বামী হারিয়েছি। কিন্তু প্রতিদিন একইভাবে আরও অনেক মানুষ মারা যাচ্ছে। কঠোর আইন করুন।’সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মিশুক মুনীরের ভাই আসিফ মুনীর, সাগর লোহানী, রোকেয়া প্রাচী, মাহমুদুজ্জামান বাবু, রোবায়েত ফেরদৌস ও সাংবাদিক সেলিম সামাদ।সাত দফা দাবির মধ্যে রয়েছে: ৩১ আগস্টের মধ্যে যোগাযোগমন্ত্রীর পদচ্যুতি; গাড়িচালকদের অবৈধ লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধ; সড়ক ও পরিবহন খাতে দুর্নীতি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া; গণপরিবহনব্যবস্থায় দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা; দুর্ঘটনা প্রতিরোধে বিদ্যমান আইনটি কঠোর করা; চালকদের জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং সর্বস্তরে কার্যকর জবাবদিহির কাঠামো প্রতিষ্ঠা।বিভিন্ন সংগঠনের সংহতি: শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে সংহতি জানিয়ে নাগরিক উদ্যোগ; তথ্য অধিকার আন্দোলন; সিটিজেন রাইটস মুভমেন্ট; অযাচক আশ্রম বাংলাদেশ; স্বামী স্বরূপানন্দ সাহিত্য, সংগীত ও গবেষণা পরিষদ; স্বদেশ চিন্তা সংঘসহ বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেছে।