শহীদ মিনারে প্রবেশ ও বের হওয়ার নির্দেশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রতি সবার সুষ্ঠুভাবে শেষ শ্রদ্ধা জানানোর সুবিধার্থে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত হুমায়ূন আহমেদের মরদেহ শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখার কথা রয়েছে। দুপুর দুইটায় জাতীয় ঈদগাহে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এ জন্য বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পুলিশ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়, শ্রদ্ধা নিবেদনে শহীদ মিনারে আসা ব্যক্তিরা যথাক্রমে দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল কলেজের সামনে দিয়ে ঢুকে জগন্নাথ হল ক্রসিং বা শিববাড়ি ক্রসিং দিয়ে বের হবে। দোয়েল চত্বর, শিববাড়ি মোড়, জগন্নাথ হল ক্রসিং ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সামনে প্রতিবন্ধকতা থাকবে। ওই প্রতিবন্ধকতার ভেতরে কোনো ধরনের যানবাহন ঢুকতে দেওয়া হবে না। জানাজার সময় জাতীয় ঈদগাহে ঢুকতে হাইকোর্টের প্রধান ফটক ব্যবহার করতে বলা হয়েছে।এ ছাড়া বকশীবাজার মোড় থেকে টিএসসি, দোয়েল চত্বর থেকে শহীদুল্লাহ হল গেট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ গেট থেকে জরুরি বিভাগের গেট পর্যন্ত রাস্তায় ও কার্জন হলে গাড়ি পার্ক করা যাবে।এ সময়ের মধ্যে শহীদ মিনারে যাওয়ার রাস্তায় বসে বা দাঁড়িয়ে না থাকতে অনুরোধ করেছে পুলিশ।