শহীদ মিনারে ফুল দিতে দেখেনি ওরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী কখনো শহীদ মিনারে ফুল দিতে দেখেনি। কারণ উপজেলায় মাত্র তিনটি শহীদ মিনার ছাড়া আর কোথাও শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানোর মিনারটি নেই। শহীদ মিনার নেই বরিশালের বহু স্কুল-কলেজ ও কিশোরগঞ্জের তাড়াইলের ছয় মাদ্রাসায়। লক্ষ্মীপুরের রায়পুরের শিক্ষক-শিক্ষার্থীরা কলাগাছের বানানো মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। নিকলীর সিংপুর ইউনিয়নের গোরাদিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী আফসানা বেগম, একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ঊর্মিলা আক্তার ও চতুর্থ শ্রেণীর ছাত্র ইব্রাহিম হোসেন জানায়, শিক্ষকেরা পাঠদানের সময় বই থেকে তাদের পড়ান। কিন্তু ফুল কীভাবে, কোথায় দিতে হয়, তা তারা জানে না। নিকলী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সদরে তিন-চারটি প্রাথমিক বিদ্যালয় ছাড়া কোনো প্রাথমিক বিদ্যালয়ে শহীদদের স্মরণে ফুল দেওয়া হয় না, এটা ঠিক। কারণ যেসব স্কুল প্রত্যন্ত এলাকায়, সেগুলোর শিক্ষার মান খারাপ। তা ছাড়া শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে।উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি আবদুর ছাত্তার বলেন, উপজেলার ৫৭টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের জাতীয় দিবসগুলোর গুরুত্ব জানানোর জন্য প্রতিটি বিদ্যালয়েই শহীদ মিনার থাকা দরকার। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিন মোহাম্মদ বলেন, মূলত স্কুলগুলোতে শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা এ ব্যাপারে অজ্ঞ। বরিশালে শহীদ মিনারহীন শিক্ষাপ্রতিষ্ঠান স্কুলের মাঠে ঈদের নামাজ হয়, তাই শহীদ মিনার করা হয়নি। নগরের আলেকান্দা এলাকায় অবস্থিত নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলামের বক্তব্য এটি। শহীদ মিনার নেই বেগম তফাজ্জল হোসেন মানিক মিয়া মহিলা কলেজে। একই অবস্থা এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের।ব্যাপ্টিস্ট মিশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিত্রা কর্মকার বলেন, আগে অস্থায়ীভাবে শহীদ মিনার করে শহীদ দিবস পালন করা হতো। তবে এ বছর স্থায়ী মিনার করার পরিকল্পনা রয়েছে। সরেজমিনে দেখা গেছে, বরিশাল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রায় এক শ বছরের ইতিহাসে একটি শহীদ মিনার স্থাপন করা যায়নি। এ ছাড়া অমৃত লাল দে মহাবিদ্যালয়, বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সিটি কলেজ, এ করিম আইডিয়াল কলেজ, জগদীশ সারস্বত বালিকা মাধ্যমিক বিদ্যালয়, আছমত আলী খান ইনস্টিটিউট, শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই।মিনার নেই তাড়াইলের ছয় মাদ্রাসাতেও কিশোরগঞ্জের তাড়াইলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ছয়টি মাদ্রাসার কোনোটিতেই শহীদ মিনার স্থাপিত হয়নি। মাদ্রাসাগুলো হচ্ছে, তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসা, রাজ্জাকিয়া দাখিল মাদ্রাসা, সহিলাটি আবদুল হালিম হুসাইনিয়া দাখিল মাদ্রাসা, ধলা ইউনিয়ন আলিম মাদ্রাসা, দাউদপুর-বানাইল আলিম মাদ্রাসা ও কাজলা আলিম মাদ্রাসা। তালজাঙ্গা ইউনিয়ন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আশরাফ উদ্দিন আহমেদ বলেন, ‘মাদ্রাসায় আলোচনা সভা ও শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল করি আমরা।’ তাড়াইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) স্বপন কুমার চক্রবর্তী বলেন, নতুন প্রজন্মের সামনে ভাষা আন্দোলন তথা মহান একুশে ফেব্রুয়ারির চেতনা সঠিকভাবে তুলে ধরতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার থাকা উচিত। কলাগাছের মিনারই তাদের ভরসালক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ২০টিতে শহীদ মিনার নেই। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারই তাদের একমাত্র ভরসা।জানা গেছে, উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৫০ হাজার শিক্ষার্থী প্রতি বছর কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এল কে এইচ উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী কহিনূর বেগম, রায়পুর মার্চেন্টস একাডেমির দশম শ্রেণীর ছাত্র বিল্লাল হোসেন জানায়, কলাগাছ দিয়ে বানানো শহীদ মিনারে ফুল দিতে গেলে তাদের মনে কষ্ট লাগে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘শহীদ মিনার বানানোর জন্য আমাদের কোনো বরাদ্দ নেই। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বরিশাল অফিস, নিকলী ও তাড়াইল (কিশোরগঞ্জ), রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি]