শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা চত্বরে শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ কর্মকর্তাসহ আটজন আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে উপজেলা চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন হবিগঞ্জ-৪ আসনের সাংসদ মাহবুব আলী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মো. মুসলিম। এর কিছুক্ষণ পরই উপজেলা ছাত্রলীগের একাংশের সভাপতি মনির হোসেনের নেতৃত্বে একটি দল ফুল নিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় উপজেলা ছাত্রলীগের কমিটির অপর অংশের সহসভাপতি শাহ জয়নালের নেতৃত্বে ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী মনির হোসেনের হাত থেকে ফুলের তোড়া কেড়ে নেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, ছাত্রলীগের একাংশের সভাপতি  মনির হোসেন ও পুলিশের তিন কর্মকর্তা আহত হন।

ঘটনার জের ধরে দুপুর ১২টার দিকে মাধবপুর বাজারে আবারও সংঘর্ষ হয়। এতে মনির হোসেনের বাবা আলী আকবর, ভাই দেলোয়ার হোসেন ও পথচারী হুসাইন আহমেদ আহত হন। তাঁদের মধ্যে আলী আকবরকে দি কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যদের মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়েছে।

এ বিষয়ে যুবলীগের সভাপতি ফারুক পাঠান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের নেতা-কর্মীরা ফুল দিতে গেলে শাহ মো. মুসলিমের পক্ষের লোকজন ফুলের তোড়া ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আমি মীমাংসা করতে গেলে তারা আমার ওপর হামলা চালায়।’

অভিযোগ অস্বীকার করেছেন শাহ মো. মুসলিম। তিনি দাবি করেন, শহীদ মিনারে ফুল দিতে গিয়ে কিছুটা ধাক্কাধাক্কি হয়েছে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) ইয়াছিনুল হক প্রথম আলোকে বলেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।

উপজেলা সদরের বাজার ও চত্বর এলাকায় সেনা সদস্য, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও পুলিশ মোতায়েন করা হয়েছে।