শহীদ মিনারে ফুল দেবেন বলে...
‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’-এ স্লোগান নিয়ে মাতৃভাষা বাংলাকে শ্রদ্ধা জানাতে বাইসাইকেল চালিয়ে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে এসেছেন ভারতীয় সাতজন নাগরিক। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়ে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেবেন তাঁরা।
এই সাতজন হলেন, সরজিত রায়, নীলাব্জ ঘোষ, সুখেন্দ্র ব্যানার্জি, বিপ্লব কুমার দত্ত, শক্তিময় ব্যানার্জি, সৌমিখ ভট্টাচার্য ও জয় শংকর মণ্ডল। এঁদের প্রত্যেকের বাড়ি কলকাতায়। তাঁরা কলকাতার বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।
রাজবাড়ীতে যাত্রাবিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই ভারতীয় নাগরিকেরা বলেন, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর ও বাংলাদেশের উদীচী শিল্পী গোষ্ঠী যৌথভাবে তাঁদের এ সাইকেল যাত্রার আয়োজন করেছে। গত ১৪ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে কলকাতার দেশপ্রিয় পার্কের ভাষামঞ্চে তাঁদের এই যাত্রার উদ্বোধন করা হয়। পরে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে তাঁরা সেখান থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হন। গত মঙ্গলবার তাঁরা চুয়াডাঙ্গার দর্শনায় পৌঁছান। সেখান থেকে বুধবার আসেন কুষ্টিয়ায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী পৌঁছান তাঁরা। রাজবাড়ীতে উদীচী শাখার এক কর্মকর্তার বাসায় রাত যাপন করেন।
আজ শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে তাঁরা রাজবাড়ী থেকে সাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। তাঁরা জানালেন, আগামীকাল শনিবার তাঁরা ঢাকায় পৌঁছবেন। পরদিন ২১ ফেব্রুয়ারি তাঁরা শহীদ মিনারে ফুল দেবেন।
এ সাইকেলযাত্রার নেতৃত্ব দিচ্ছেন সরজিত। রাজবাড়ী ছাড়ার আগে তিনি প্রথম আলোকে বলেন, ২০১২ সাল থেকে প্রতিবছর ফেব্রুয়ারি মাসে তিনি বাংলাদেশে আসেন। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৪ সালে আসতে পারেননি। প্রতিবারের মতো এবারও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে অনেক ভালো লাগছে।
দলের আরেক সদস্য শক্তিময় ব্যানার্জি বলেন, দুই দেশের মাঝে কাঁটাতারের বেড়া থাকলেও মনের মাঝে কোনো বেড়া নেই। বাংলার চর্চা বাংলাদেশেই ভালো হয়। ভাষার জন্য এই দেশের মানুষ প্রাণ দিয়েছে। তাই মনের খোরাক মেটাতে তাঁরা ছুটে এসেছেন। তাঁদের স্লোগান ‘বাংলা কখনো হয় না ভাগ, বাংলা ভাষায় আমরা এক’। এ দেশের মানুষের আতিথেয়তায় তাঁরা মুগ্ধ।