স্বাধীনতা দিবস উপলক্ষে গত মঙ্গলবার রাতে ফুল দেওয়ার সময় চাঁপাইবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান ওরফে সুজন নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। আহত হন আরও কয়েকজন। এ হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে।
ছাত্রদল নেতা নিহত হওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৯-দলীয় জোট।
এদিকে গতকাল বুধবার কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শক্তিশালী পটকা বিস্ফোরণে পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।
শিবগঞ্জ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জানেবুল এহসান জানান, নিহত আসাদুজ্জামান ছিলেন পৌর ছাত্রদলের সাহিত্যবিষয়ক সম্পাদক। তিনি উপজেলার চতুরপুর গ্রামের আসরাফুল আলমের ছেলে।
স্থানীয় লোকজন ও শিবগঞ্জ থানার পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত ১২টা পাঁচ মিনিটের দিকে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় পর পর দুটি ককটেল বিস্ফোরিত হয়। এতে আসাদুজ্জামানসহ চারজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় আসাদুজ্জামানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে রাত তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। অন্যরা শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী জানান, শহীদ মিনারে ককটেল বিস্ফোরণের পরপরই বিএনপির উত্তেজিত নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর করেন। এ সময় একটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়।
ককটেল হামলার জন্য স্থানীয় আওয়ামী লীগকে দায়ী করে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহাজাহান মিঞা বলেন, ককটেল হামলায় আসাদুজ্জামান নিহত হওয়া ছাড়াও শিবগঞ্জ পৌর যুবদলের সভাপতি মুক্তাদির খায়ের, সাধারণ সম্পাদক আবুল বাসার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, বিএনপির কর্মী নুরুল ইসলাম ও তৌফিকুল ইসলাম আহত হয়েছেন।
তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহদাত হোসেন খুররম দাবি করেন, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর বিএনপির কর্মী-সমর্থকেরা এ হামলা চালান। এ সময় নিজের কাছে থাকা ককটেল বিস্ফোরণে আসাদুজ্জামান মারা যান।
শাহাদাত হোসেন দাবি করেন, বিস্ফোরণে শিবগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম, পৌর ছাত্রলীগের নেতা সৌরভসহ আরও কয়েকজন আহত হন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত (বুধবার সন্ধ্যা) কেউ মামলা করেনি।
ফুলবাড়ীতে পটকা বিস্ফোরণ: ফুলবাড়ীতে পটকা বিস্ফোরণে আহত শিক্ষার্থীরা হলো: জসিমিয়া মডেল উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী আয়শা, জবা, নিশা, লাবণ্য ও রেশমা। তাদের ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে জসিমিয়া মডেল উচ্চবিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল। বেলা দেড়টার দিকে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শারীরিক কসরত দেখাচ্ছিল। এ সময় পাশেই পটকার বিস্ফোরণ ঘটে। আতঙ্কে সবাই দিগিবদিক ছোটাছুটি করতে থাকেন। অনুষ্ঠানের কার্যক্রমও বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের সহযোগিতায় আধা ঘণ্টা পর পুনরায় অনুষ্ঠান শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আখতারা বেগম জানান, আঘাত ও আতঙ্কজনিত কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশীদ জানান, এটি শক্তিশালী পটকা ছিল। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।