শহীদ মিনারে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবি
ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবির মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহর রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসটি। ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন উপলক্ষে এ দিন বিভিন্ন ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। পাশাপাশি উত্তোলন করা হয় কালো পতাকা।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:বরিশাল: যুদ্ধাপরাধীদের ফাঁসি দাবি করে একুশের প্রথম প্রহরে ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাসংগ্রামী এ কে এম আজাহার উদ্দিনকে সঙ্গে নিয়ে প্রথম শ্রদ্ধা নিবেদন করেন সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরণ। এরপর সাংসদ তালুকদার মো. ইউনুচ, বিভাগীয় কমিশনার নূরুল আমীন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান, জেলা প্রশাসকসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। বিকেলে নগরের অশ্বিনীকুমার হলের সামনে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে নির্মিত একাত্তরের মঞ্চে অনুষ্ঠিত হয় সমাবেশ। সেখানে বরিশালের বিভিন্ন উপজেলা থেকেও সাধারণ মানুষ এসে যোগ দেন। এখান থেকে ঘোষণা দেওয়া হয় একুশের চেতনায় যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করতে হবে। খুলনা: দিবসের প্রথম প্রহরে শহীদ হাদিস পার্কে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মসিউর রহমান ও মেয়র তালুকদার আবদুল খালেক। খুলনা নির্দলীয় গণমঞ্চ থেকে গতকাল সকালে র্যালি সহকারে নগরের হাদিস পার্কে গিয়ে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে র্যালি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নগরের শিববাড়ি মোড়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় একুশের কবিতা, গান ও নাটক।চাঁদপুর: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম জেলা প্রশাসক ইসমাইল হোসেনের নেতৃত্বে জেলা প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করে। এরপর পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ কর্মকর্তা-কর্মচারী, পৌর পরিষদ, জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, চাঁদপুর প্রেসক্লাব, উদীচীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নাট্যগোষ্ঠী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।নড়াইল: সাংসদ এস কে আবু বাকের ও জেলা প্রশাসক জহুরুল হক, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপর প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে। বিকেলে সাম্প্রদায়িকবিরোধী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।পটুয়াখালী: একুশের প্রথম প্রহরে পৌরসভা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. শামসুদ্দীন। কুষ্টিয়া: কালেক্টরেট চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা এক মিনিটে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ভাষাশহীদদের উদ্দেশে পবিত্র কোরআন খতম ও তাঁদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। রাত ১১টা ৪৫ মিনিটে প্রশাসন ভবনের সামনে থেকে উপাচার্য আবদুল হাকিম সরকারের নেতৃত্বে একটি শোক র্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। একুশের প্রথম প্রহরে উপাচার্যের নেতৃত্বে শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।সাতক্ষীরা: শহরের শহীদ রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসক আনোয়ার হোসেন হাওলাদার শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।পঞ্চগড়: প্রথম প্রহরে সাংসদ নুরুল ইসলাম, মো. মজাহারুল হক প্রধানসহ প্রশাসনের কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়া শিশু একাডেমী শহীদ মিনার চত্বরে সুন্দর বাংলা হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। জেলা প্রশাসন পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে পাঁচ দিনব্যাপী ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান বইমেলা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।জয়পুরহাট: শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, সিপিবি, জাসদ, বাসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক দলের অঙ্গসংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করে। বিকেলে শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।রাজশাহী: ভুবন মোহন পার্কে শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও সদর আসনের সাংসদ ফজলে হোসেন পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ দিবস উপলক্ষে জেলা পরিষদের উদ্যোগে রাজশাহী শিশু একাডেমীতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ভাষার গান ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে রাজশাহী শিল্পকলা একাডেমীতে ভাষাসৈনিকদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।দিনাজপুর: প্রথম প্রহরে সাংসদ ইকবালুর রহিম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। সকালে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ ছাড়াও বিএনপি, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ ছাড়া শিল্পকলা একাডেমী চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা।রংপুর: প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, জেলা প্রশাসক, জাগরণী মঞ্চ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠন। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।নীলফামারী: প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিচার বিভাগ, নীলফামারীর গণজাগরণ মঞ্চ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নীলফামারী চেম্বার, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।পীরগাছা (রংপুর): সকালে উপজেলার দেবী চৌধুরানী ডিগ্রি কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে চেতনা সাংস্কৃতিক সংঘ নামের একটি সংগঠন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।ক্ষেতলাল (জয়পুরহাট): বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, প্রভাতফেরি, আলোচনা সভা, শিশুদের অঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।সিরাজগঞ্জ: কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ইব্রাহিম ও পুলিশ সুপার হুমায়ুন কবির প্রথমে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন এবং সর্বস্তরের মানুষ ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।চাঁপাইনবাবগঞ্জ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নিভৃত আদিবাসী বাবুডাইং গ্রামের শিক্ষার্থীরা আদিবাসী ভাষায় বই প্রকাশ ও বিদ্যালয় চালুর দাবি জানিয়েছে। গতকাল সকাল ১০টার দিকে বাবুডাইং আদিবাসী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রভাতফেরি বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে নির্মিত বাঁশ ও কঞ্চির শহীদ মিনারে তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে।সুনামগঞ্জ: দিবসটি উপলক্ষে শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন, পুলিশ, পৌরসভা, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আইনজীবী সমিতি, চেম্বার, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কমিউনিস্ট পার্টি, জাতীয় পার্টি, বাংলাদেশ মহিলা পরিষদ, উদীচী শিল্পীগোষ্ঠী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। টাঙ্গাইল: স্থানীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সন্ধ্যায় স্থানীয় শহীদ মিনারে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় ভাষাসৈনিক ফজলুর রহমান খান ও মিজানুর রহমান খানকে সম্মাননা দেওয়া হয়। জামালপুর: প্রথম প্রহরে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সংগঠক, কর্মীসহ সর্বস্তরের মানুষ প্রভাতফেরিতে অংশ নেয়। শেরপুর: শহরের চকবাজারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ আতিউর রহমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জাগ্রত তরুণ প্রজন্মসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। পরে শহরের রঘুনাথ বাজারে বঙ্গবন্ধু স্কয়ারে স্থাপিত মঞ্চে কাদের মোল্লার প্রতীকী ফাঁসি কার্যকর করা হয়। বিকেলে ভাষাসৈনিকদের সংবর্ধনা দেওয়া হয়। ময়মনসিংহ: প্রথম প্রহরে জেলা পরিষদের প্রশাসকের নেতৃত্বে শহরের টাউন হল চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একে একে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনসহ জেলার সর্বস্তরের জনগণ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। নেত্রকোনা: স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে বারহাট্টা আসনের সাংসদ আশরাফ আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে স্লোগান দেয় জনসাধারণ। এ উপলক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয়। কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে উপাচার্য আমির হোসেন খান পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, প্রগতিশীল শিক্ষক জোট পুষ্পস্তবক অর্পণ করে। ত্রিশাল (ময়মনসিংহ): প্রথম প্রহরে নজরুল কলেজে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ রেজা আলীসহ বিভিন্ন সংগঠনের নেতারা। বেলা ১১টায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রেজা আলী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে। এ সরকারের মেয়াদেই তাদের বিচার সম্পন্ন হবে। এ ছাড়া জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।পূর্বধলা (নেত্রকোনা): উপজেলা প্রশাসন, প্রথম আলো বন্ধুসভা, বেসরকারি সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। প্রথম আলো বন্ধুসভা দিবসটি উপলক্ষে একটি দেয়ালিকা প্রকাশ করে। দেবীদ্বার (কুমিল্লা): কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, ঘাতক দালাল নির্মূল কমিটি, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় মানবতাবিরোধীদের ফাঁসি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। নিকলী (কিশোরগঞ্জ): রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন সংগঠন স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে শোভাযাত্রা, চিত্রাঙ্কনসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কসবা (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলার শহীদ মিনারে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা প্রশাসন এ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করে। বিশ্বনাথ (সিলেট): শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কৃষক লীগ, কৃষক দলসহ বিভিন্ন সংগঠন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়: সকালে উপাচার্যের নেতৃত্বে ক্লাব ভবন থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। চট্টগ্রাম: প্রথম প্রহরে পুলিশের একটি চৌকস দল চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার দেওয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীন শহীদ মিনারের বেদিতে ফুল দেন। মন্ত্রীর পর ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। এরপর চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, আওয়ামী লীগদলীয় সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও এম এ লতিফ পৃথকভাবে শহীদ মিনারে ফুল দেন। মুক্তিযোদ্ধা সংসদ ও চট্টগ্রাম গণজারগরণ মঞ্চের পক্ষ থেকে পুষ্পস্তবক দেওয়ার পর শহীদ মিনার সর্বস্তরের মানুষের জন্য খুলে দেওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমীনের নেতৃত্বে আওয়ামী লীগের ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দেন। জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের ওয়ার্কাস পার্টি, ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, বোধন, প্রমাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে স্লোগানে স্লোগানে শহীদ মিনার প্রাঙ্গণ মুখরিত হয়েওঠে।ফেনী: গতকাল ভোর থেকে সর্বস্তরের মানুষের পদচারণে মুখরিত হয়ে ওঠে ভাষাশহীদ আবদুস সালামের গ্রাম ফেনীর দাগনভূঞা উপজেলার সালামনগর। ফুলে ফুলে ভরে ওঠে ভাষাশহীদ সালাম সঞ্চৃতি জাদুঘর ও গ্রন্থাগারসংলগ্ন শহীদ মিনার। জেলা প্রশাসন, দাগনভূঞা উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ফেনী প্রেসক্লাব, দাগনভূঞা প্রেসক্লাব, ভাষাশহীদ সালামের পরিবার, আওয়ামী লীগ, বিএনপি, প্রথম আলো ফেনী বন্ধুসভা, ইকবাল মেমোরিয়াল কলেজ, আতাতুর্ক উচ্চবিদ্যালয়, সিলোনীয়া উচ্চবিদ্যালয়, সুলতানা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কক্সবাজার: প্রথম প্রহরে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এরপর পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, কক্সবাজার সিভিল সোসাইটি, কক্সবাজার মেডিকেল কলেজ, কক্সবাজার পৌরসভাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকালে শহীদ মিনার চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি।নোয়াখালী: প্রথম প্রহরে জেলা শহর মাইজদীর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আওয়ামী লীগ, বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নোয়াখালী প্রেসক্লাব, আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এ ছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাতফেরি, শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিল্পকলা একাডেমী চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি: প্রথম প্রহরে রাঙামাটি শহরের রিজার্ভমুখ কেন্দ্রীয় শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিকেলে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার।বান্দরবান: বান্দরবানের চিম্বুক চূড়ার কাছাকাছি রামরি ম্রো পাড়ায় নবনির্মিত প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ম্রো আদিবাসীরা নিজেদের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার দাবি জানান। এ ছাড়া জেলা শহরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা ইউনিট, রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।দীঘিনালা (খাগড়াছড়ি): প্রথম প্রহরে উপজেলা প্রশাসন এবং আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়া হয়। এ ছাড়া উপজেলা প্রশাসন শিশুদের জন্য চিত্রাঙ্কন ও হস্তাক্ষর প্রতিযোগিতার আয়োজন করে। প্রভাতফেরি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। উখিয়া (কক্সবাজার): প্রথম প্রহরে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনারে উপজেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উখিয়া প্রেসক্লাব, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।নারায়ণগঞ্জ: বুধবার রাত ১২টা ১ মিনিটে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি জানান জেলা প্রশাসক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাব, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা। ভোর থেকে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করে।মুন্সিগঞ্জ: রাত ১২টা ১ মিনিট থেকে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শুরু হয়। গতকাল বিকেলে মুন্সিগঞ্জ পৌরসভার গনকপাড়া এলাকায় স্থানীয় মিলন ক্লাব ও পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে হয় আলোচনা সভা। এ ছাড়া জেলার অন্যান্য উপজেলায় দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। কেরানীগঞ্জ (ঢাকা): একুশের প্রথম প্রহরে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সকালে এ লতিফ চ্যারিটেবল ফাউন্ডেশনের আয়োজনে হাসনাবাদ কামুচান শাহ স্কুল মাঠে উন্মুক্ত আলোচনা সভা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ বেদিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।টঙ্গী (গাজীপুর): টঙ্গীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্থানীয় সাংসদ মো. জাহিদ আহসান, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, টঙ্গী প্রেসক্লাবসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। টঙ্গী পাইলট স্কুল এবং সফিউদ্দিন সরকার একাডেমি নিজ নিজ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।