শহীদ মিনারে মানুষের ঢল
মাতৃভাষা রক্ষার আন্দোলনে প্রাণ উৎসর্গকারীদের স্মরণ করতে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে চট্টগ্রামের শহীদ মিনারে হাজার হাজার মানুষের ঢল নামে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে মানুষের স্রোত শুরু হয় শহীদ মিনার অভিমুখে।
সব বয়সী শ্রেণী-পেশার মানুষ শহীদ বেদিতে পুষ্পস্তবক ও ফুল দিয়ে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষাশহীদদের স্মরণ করেন।
বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে শহীদ মিনার প্রাঙ্গণে পুলিশের চৌকস দলের অভিবাদনের মধ্য দিয়ে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচি। শহীদ বেদিতে প্রথমে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম ও জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এ ছাড়া নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে নগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনের নেতৃত্বে বিএনপি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে।
শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ আবদুল্লাহ, জেলা প্রশাসক আবদুল মান্নান, নগর পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদারসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে পরিবহন শ্রমিক নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে চট্টগ্রাম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। এ ছাড়া চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্রমৈত্রী, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, প্রমা আবৃত্তি সংগঠন, বোধন আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রভাত ফেরি করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা প্রথম প্রহরে আলপনায় রাঙিয়ে তোলেন শহীদ মিনার প্রাঙ্গণ ও নগরের বিভিন্ন সড়ক। গতকাল সকালে ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে প্রভাত ফেরি বের করা হয়। দুই দিনব্যাপী কর্মসূচির শেষ দিন গতকাল ছোটদের জন্য বর্ণমালা প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়। চট্টগ্রাম জেলা প্রশাসন মাতৃভাষা দিবস উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
চট্টগ্রাম প্রেসক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন যৌথ উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহসিনের পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহসভাপতি রাশেদ রউফ, সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী প্রমুখ। সম্মিলিত সাংস্কৃতিক জোট গতকাল থিয়েটার ইনস্টিটিউটের সামনে নানা কর্মসূচির আয়োজন করে। শহীদ দিবস উপলক্ষে গ্রুপ থিয়েটার ঐক্য পরিষদ দিনব্যাপী কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন থিয়েটার গ্রুপ মুসলিম হল চত্বরে পথনাটক পরিবেশন করে। চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র প্রতিবছরের মতো এ বছরও দুই দিনব্যাপী ‘আমার ভাষার ছবি’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে। গতকাল সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে এই উৎসবের উদ্বোধন করা হয়।