শহীদ মিনারে রামপালবিরোধী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ মিনারে রামপাল প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে এসেছেন চট্টগ্রামের বহদ্দারহাটের আবু তৈয়ব হাবিলদার ও মিলি খানম। তাঁদের ছেলের নাম চে গুয়েভারা ও মেয়ের নাম প্রীতিলতা সুন্দরী। ছবি: সাজিদ হোসেন।
শহীদ মিনারে রামপাল প্রকল্প বাতিলের দাবিতে আয়োজিত সমাবেশে অংশ নিতে এসেছেন চট্টগ্রামের বহদ্দারহাটের আবু তৈয়ব হাবিলদার ও মিলি খানম। তাঁদের ছেলের নাম চে গুয়েভারা ও মেয়ের নাম প্রীতিলতা সুন্দরী। ছবি: সাজিদ হোসেন।

চট্টগ্রামের বহদ্দারহাট থেকে স্ত্রী মিলি খানম ও দুই সন্তানকে সঙ্গে নিয়ে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন আবু তৈয়ব হাবিলদার। কোলের ছোট সন্তান মেয়েটির নাম প্রীতিলতা সুন্দরী। বড় সন্তান ছেলের নাম চে গুয়েভারা। রামপালসহ সুন্দরবনসংলগ্ন সব প্রকল্প বাতিল ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে আয়োজিত সমাবেশে যোগ দিতে এসেছেন তাঁরা।

রামপালবিরোধী সব সমাবেশেই যোগ দেন এই দম্পতি। ছোট মেয়েটির নাম রেখেছেন সুন্দরবনের সুন্দরী গাছের নামে। শুধু এ দম্পতিই নয়, আজ শনিবার শহীদ মিনারে অনেকেই এসেছেন রামপালবিরোধী সমাবেশে অংশ নিতে।

রামপালসহ সুন্দরবনসংলগ্ন সব প্রকল্প বাতিল ও সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সমাবেশস্থলে হাজির হয়েছেন কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মোহাম্মদ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সংস্কৃতিকর্মী অরূপ রাহী।

বেলা ১১টা থেকে সমাবেশস্থলে জমায়েত শুরু হয়েছে। বেলা দুইটা থেকে শুরু হবে মূল সমাবেশ। এতে যোগ দিতে দেশের সাতটি বিভাগ থেকে বাসে করে লোকজন আসছে। এখন পর্যন্ত সমাবেশস্থলে হাজার খানেক লোক জমায়েত হয়েছে। সমাবেশস্থলে প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হচ্ছে। শুরুতে চারণ সাংস্কৃতিক কেন্দ্র নাটক পরিবেশন করেছে। এখন মাভৈ নামের একটি সংগঠনের শিল্পীরা সংগীত পরিবেশন করেন।