শহীদ মিনারে হামলা: ছাত্রলীগ নেতাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে একুশের প্রথম প্রহরে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা হামলার ঘটনায় ছাত্রলীগের নয় নেতা-কর্মীসহ ১১ জনের নামে অভিযোগপত্র দিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার এ অভিযোগপত্র ম্যাজিস্ট্রেট আদালতে জমা দেওয়া হয়।
অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজ ছাত্রলীগের সহসভাপতি রাশেদ খান ও উপপ্রচার সম্পাদক তিতাস মিয়া। এ ছাড়া অভিযোগপত্রে ছাত্রলীগের আরও সাত কর্মীর নাম রয়েছে।
জানতে চাইলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শ্যামলাল নাথ প্রথম আলোকে বলেন, চলতি বছরের ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ৫ মিনিটে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এমএম কলেজ শহীদ মিনারে ফুল দিতে যান। এ সময় ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলি ছোড়া হয়। এ ঘটনায় কোতোয়ালি থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বাদী হয়ে থানায় মামলা করেন।
জানতে চাইলে যশোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ওই ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো নেতা-কর্মীর সম্পৃক্ততা নেই। পুলিশ রাগের বশে অভিযোগপত্রে ছাত্রলীগের কর্মীদের নাম দিয়েছে।