সিলেটে জামায়াত-শিবিরসহ ধর্মভিত্তিক কয়েকটি দলের বিক্ষোভ মিছিল থেকে ভাঙচুর করা কেন্দ্রীয় শহীদ মিনার গতকাল বৃহস্পতিবার পরিদর্শন করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সিটি করপোরেশনের মেয়রসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাদের নিয়ে অর্থমন্ত্রী শহীদ মিনার পরিদর্শনকালে ভাঙচুরের চিত্র দেখে বলেন, ‘তারা (শহীদ মিনারে হামলাকারীরা) দেশের শত্রু। তাদের এ দেশে থাকার কোনো অধিকার নেই।’গত ২২ ফেব্রুয়ারি ভাঙচুর করা শহীদ বেদি, উপড়ে ফেলা জাতীয় পতাকাস্ট্যান্ড ও সীমানাপ্রাচীর গতকাল প্রত্যক্ষ করেন অর্থমন্ত্রী। পরিদর্শনকালে অর্থমন্ত্রী ভাঙচুর করা অংশ দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সিলেট সিটি করপোরেশনের মেয়রকে বলেন। এ সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, জেলা সভাপতি আবদুজ জহির চৌধুরী, সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হকসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শহীদ মিনার চত্বরে কিছু সময় কাটিয়ে অর্থমন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জামায়াত-শিবির সারা দেশে মসজিদ-মন্দির-শহীদ মিনারে হামলা চালিয়ে এবং জাতীয় পতাকা পুড়িয়ে প্রমাণ করেছে যে তারা রাজনৈতিক সংগঠন নয়, জঙ্গি সংগঠন। আর বিএনপি জামায়াতের পক্ষাবলম্বন করে আবারও প্রমাণ করেছে যে তারা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক।’সাংবাদিকেরা অর্থমন্ত্রীর কাছে দেশে চলমান রাজনৈতিক সংকট পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে একই প্রশ্নে অর্থমন্ত্রীর সঙ্গে শহীদ মিনার পরিদর্শনকারী দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘দেশের বর্তমান সংকটময় মুহূর্তে সংলাপের কোনো বিকল্প নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংলাপে বসতে হবে।’শহীদ মিনার পরিদর্শন করে অর্থমন্ত্রী ও দপ্তরবিহীন মন্ত্রী ২ মার্চ জামায়াত-শিবিরের হামলায় নিহত সিলেটে গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ছাত্রলীগের সাবেক নেতা জগৎজ্যোতি তালুকদারের বাড়িতে যান। সেখানে তাঁরা জগৎজ্যোতির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে হত্যাকাণ্ডের বিচার যথাযথভাবে হবে বলে আশ্বাস দেন।