শহীদ মিনারের আশপাশে যান চলাচল বন্ধ
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিশেষ নিরাপত্তার জন্য শহীদ মিনার ও আশপাশের ২৮টি স্থানে অবরোধ বসাবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সে সঙ্গে জনসাধারণকে দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারের দিকে যেতে নিষেধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বুধবার পৃথক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ডিএমপি ও বিশ্ববিদ্যালয়। ডিএমপির তথ্যকেন্দ্রে সংবাদ সম্মেলনে কমিশনার বেনজীর আহমেদ জানান, বিশেষ নিরাপত্তাব্যবস্থায় নিয়ন্ত্রণকক্ষ, সিসি ক্যামেরা, স্ট্রাইকিং রিজার্ভ, মোবাইল পার্টি, আর্চওয়ে-ব্যবস্থা ও ভ্রাম্যমাণ টহলের মাধ্যমে পুরো শহীদ মিনার এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। নিয়োজিত থাকবে গোয়েন্দা পুলিশ, সোয়াত, বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় দল।
এদিকে পলাশী-জগন্নাথ হল ক্রসিং দিয়েই কেবল শহীদ মিনারে ঢোকা যাবে বলে সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘একুশে উদ্যাপন কেন্দ্রীয় সমন্বয় কমিটি’।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরোনো সিনেটকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, টিএসসি মোড় থেকে জগন্নাথ হলের পূর্ব পাশের রাস্তা, অর্থাৎ শিববাড়ির পশ্চিম পাশ দিয়ে শহীদ মিনার ও মেডিকেল কলেজে যাওয়ার রাস্তা সম্পূর্ণ বন্ধ থাকবে। উপাচার্য ভবন গেট থেকে ফুলার রোড মোড় পর্যন্ত রাস্তা ও চানখাঁরপুল থেকে কার্জন হল পর্যন্ত রাস্তাও বন্ধ থাকবে।
এদিকে আজ সন্ধ্যা ৭টা থেকে ২১ ফেব্রুয়ারি বেলা দুইটা পর্যন্ত শহীদ মিনার ও আশপাশের এলাকায় সব যান চলাচল বন্ধ থাকবে।