শহীদ মিনারের ওপর মেলা কমিটির কার্যালয়!
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের ফজরউদ্দিন মডেল উচ্চবিদ্যালয় মাঠে গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী বৈশাখী মেলা। বিদ্যালয়ের শহীদ মিনারের ওপর করা হয়েছে মেলা কমিটির কার্যালয়। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, ফজরউদ্দিন উচ্চবিদ্যালয়ের মাঠজুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়েছে। বিদ্যালয় মাঠটির চারদিকে বিভিন্ন রকমের স্টল বসেছে। মাঠের মাঝখানে বাঁশ দিয়ে উঁচু টাওয়ার বানানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান ভবনের সামনে শহীদ মিনারটি ডেকোরেটরের কাপড় দিয়ে ঢেকে সেখানে বৈশাখী মেলা কমিটির কার্যালয় করা হয়েছে। শহীদ মিনারের পাদদেশে টেবিল-চেয়ার রাখা হয়েছে। কার্যালয়ের দুই পাশে ‘জুতা পায়ে ওঠা নিষেধ’ লেখা সাইনবোর্ড ঝোলানো হয়েছে। তার পরও লোকজন জুতা পায়ে শহীদ মিনারে উঠছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, এবারই প্রথম বিদ্যালয়ের শহীদ মিনার ঢেকে দিয়ে সেখানে মেলা আয়োজক কমিটির কার্যালয় করা হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমাদের না জানিয়ে শহীদ মিনারে মেলা কমিটির কার্যালয় করা হয়েছে। এটা ঠিক হয়নি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মো. শাহনেওয়াজ বলেন, ‘আমি বিষয়টি লক্ষ করিনি। শহীদ মিনারে মেলা কমিটির কার্যালয় করা সঠিক হয়নি। বিষয়টি দেখা হবে।’
মেলা কমিটির আহ্বায়ক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টার জানান, শহীদ মিনারটি কাপড় দিয়ে ঢেকে দিয়ে সেখানে মেলা কমিটির কার্যালয় করা হয়েছে। এ নিয়ে সমালোচনা হলে তো মেলা করাই সম্ভব নয়।