শহীদ মিনারের ওপরে উঠে ফুল বাঁধার প্রতিবাদ
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদনের নামে পাবনা ও দেশের বিভিন্ন স্থানে শহীদ মিনারের ওপরে ও মাথায় উঠে ফুল বাঁধা হচ্ছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে পাবনা ড্রামা সার্কেল ও প্রথম আলো পাবনা বন্ধুসভা।
পাবনা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গতকাল বৃহস্পতিবার এই মানববন্ধন করা হয়। এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাবনা ডিবেট সোসাইটি, পাঠশালা ও মহীয়সী পাঠচক্রসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য দেন পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক শামসুন্নাহার বর্ণা, পাবনা ড্রামা সার্কেলের সভাপতি ফারুক হোসেন চৌধুরী, পাবনা বন্ধুসভার সাধারণ সম্পাদক জুয়েল কুমার ঘোষ, পাবনা ডিবেট সোসাইটির সভাপতি স্বাধীন মজুমদার প্রমুখ।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দাবি আদায়ের লক্ষ্যে পাবনার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌরসভার মেয়রের কাছে স্মারকলিপি দেন। পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো, পুলিশ সুপার আলমগীর কবীর ও মেয়র কামরুল হাসান শহীদ মিনারের মাথায় উঠে ফুল বাঁধা বন্ধ করার আশ্বাস দেন।