শহীদ মিনারের জায়গায় ছাত্রলীগ নেতার দোকান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে শহীদ মিনার ও সরকারি খাস জমি দখল করে দোকান ঘর তুলছেন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আওয়ামী লীগের সমর্থকেরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে শহীদ মিনার ও সরকারি খাস জমি দখল করে দোকান ঘর তুলছেন ছাত্রলীগের সাবেক এক নেতাসহ আওয়ামী লীগের সমর্থকেরা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সোনাপুর বাজারে খেলার মাঠে শহীদ মিনারের জায়গা দখল করে দোকানঘর তুলছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। এ ছাড়া ওই মাঠের সরকারি খাসজমি দখল করে আওয়ামী লীগ-সমর্থিতরা দোকানঘর নির্মাণ করলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
ছাত্রলীগের ওই নেতার নাম কাজী আতিকুল ইসলাম। তিনি মাঝবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি। তাঁর বড় ভাই কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী সাইফুল ইসলাম।
স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে এক একর ৩৩ শতাংশ জায়গাজুড়ে থাকা গরুর হাট ও ফুটবল খেলার মাঠের এক শতাংশ জমিতে প্রায় ১০ বছর আগে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। বাজারের ব্যবসায়ীসহ আশপাশের মানুষ সেখানে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন। এ ছাড়া ছোটখাটো অনেক অনুষ্ঠান সেখানে করা হতো। প্রায় এক বছর আগে রাতে শহীদ মিনারের স্তম্ভ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। এরপর থেকে মাঠের চারপাশে খন্দকার তুলন, আকতারুজ্জামান, শাহজাহান আলী, মোকাররম হোসেন, আকতার হোসেনসহ প্রায় ২০ জন আওয়ামী লীগ সমর্থক ওই মাঠে দোকানঘর তুলছেন। সম্প্রতি শহীদ মিনারের একাংশ দখল করে দোকানঘর তৈরি করছেন কাজী আতিকুল ইসলাম। এই দোকানঘর নির্মাণের জন্য তিনি ১২ জুলাই শহীদ মিনারের বেদি ভেঙে ফেলেন।
এ ব্যাপারে কাজী আতিকুল ইসলাম বলেন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সোনাপুর বাজার কমিটির সভাপতি আজিজ ইকবাল ও সাধারণ সম্পাদক আবুল হাসান আলী যৌথভাবে সেখানে খাসজমি বরাদ্দ দিয়েছেন। এ জন্য আবুল হাসানকে ৭০ হাজার টাকা দিয়ে জমি বরাদ্দ নিয়েছেন।
আতিকুল বলেন, ‘টাকা নিয়ে দোকানঘরের জমি বুঝিয়ে না দেওয়ায় একবার সভাপতি ও সাধারণ সম্পাদককে মারধরও করেছি। সম্প্রতি আমি দোকানঘর তৈরি করছি। দোকান থেকে বের হওয়ার রাস্তা না থাকায় বেদি ভেঙে ফেলা হয়েছে।’
তবে আবুল হাসান আলী বলেন, টাকা নেওয়ার বিষয়টি সত্য নয়। ২০-২২ জন ব্যবসায়ীর কেউ এক শতাংশ, আবার কেউ আধা শতাংশ জমিতে দোকান তুলছেন।
নবাবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে বাচ্চু বলেন, ইউনিয়ন পরিষদ বা বাজার কমিটির কারও পক্ষে সরকারি খাসজমি ইজারা দেওয়ার সুযোগ নেই। সরকারদলীয় লোকেরা গায়ের জোরে জমি দখল করে দোকানঘর তুলছেন।
বালিয়াকান্দি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান বলেন, বাজারের ওই জমি কাউকে ইজারা দেওয়া হয়নি। অবৈধ দখলদারদের উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যে উচ্ছেদ অভিযান চালানো হবে।
বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, ‘আমার উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা হয়। আমি কখনোই ওই জায়গা বরাদ্দ দেওয়ার কথা বলিনি। গত মঙ্গলবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করার আহ্বান জানিয়েছি।’