শহীদ মিনারের নামে চাঁদা আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজে শহীদ মিনার নির্মাণের জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। শহীদ মিনার নির্মাণে চাঁদা নেওয়ায় অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, এখানে পুলিশ সদস্যদের সন্তানদের পাশাপাশি সাধারণ মানুষের ছেলেমেয়েরাও পড়াশোনা করে। প্রতিষ্ঠানে প্রায় দুই হাজার শিক্ষার্থী রয়েছে। গত ৩০ জানুয়ারি পরিচালনা পর্যদের সভায় শহীদ মিনার নির্মাণে নার্সারি থেকে একাদশ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেওয়ার সিদ্ধান্ত হয়। এর পরের দিন শিক্ষার্থীদের প্রারম্ভিক সমাবেশে (অ্যাসেম্বলি) অধ্যক্ষ শ্যামল কুমার রায় শহীদ মিনার নির্মাণের জন্য হাতমাইকে শিক্ষার্থীদের কাছ থেকে ৫০০ টাকা করে চাঁদা চেয়ে ঘোষণা দেন। রোববার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রত্যেক ক্লাসে শিক্ষকেরা চাঁদার বিষয়টি শিক্ষার্থীদের পুনরায় জানান। তবে কত দিনের মধ্যে এই টাকা দিতে হবে তা জানানো হয়নি। বছরের শুরুতে ভর্তি ফি ও নতুন বই কিনতে অভিভাবকদের মোটা অঙ্কের টাকা খরচ হয়েছে। এক মাস না যেতেই ৫০০ টাকা চাঁদা দিতে হবে বলে অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এক শিক্ষার্থীর অভিভাবক গোলাম মহসিন বলেন, প্রত্যেক প্রতিষ্ঠানের নিজস্ব উন্নয়ন তহবিল থাকে। সেই তহবিলে প্রতি বছর ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হয়। প্রতিষ্ঠান ওই টাকা দিয়ে শহীদ মিনার তৈরি করতে পারে। সে ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছে চাঁদা ধার্য করার কোনো যৌক্তিকতা নেই। এ বিষয়ে অধ্যক্ষ শ্যামল কুমার রায় বলেন, ‘রেজুলেশনের মাধ্যমে চাঁদা নেওয়া হচ্ছে। শহীদ মিনার নির্মাণে কত টাকা ব্যয় হবে তার কোনো হিসাব করা হয়নি।’ শিক্ষকেরা এ ক্ষেত্রে চাঁদা দেবেন কি না জানতে চাইলে বলেন, সেটা পরিকল্পনায় আছে। তবে ছাত্র-ছাত্রী ছাড়াও যে কেউ শহীদ মিনার নির্মাণে দান করতে চাইলে সে টাকা নেওয়া হবে।