শহীদ মিনারের নিরাপত্তায় থাকবেন র‌্যাব-পুলিশের সাড়ে আট হাজার সদস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশ এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় সাড়ে আট হাজার সদস্য। বিশেষ নিরাপত্তা বাহিনী—এসএসএফ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন—র‌্যাব ও পুলিশের সমন্বয়ে ওই এলাকায় নিরাপত্তাবলয় গড়ে তোলা হবে।গতকাল শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ উপলক্ষে এক মহড়া অনুষ্ঠিত হয়। একুশে ফেব্রুয়ারিতে নিরাপত্তায় যেসব কৌশল প্রয়োগ করা হবে, মহড়ায় সেগুলোই দেখানো হয়। বিস্ফোরক ও মাইন চিহ্নিতকরণ যন্ত্র দিয়ে পুরো এলাকায় তল্লাশি এবং শহীদ মিনার এলাকায় নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য স্থাপিত ক্যামেরা ও পিটিজেট ঠিকভাবে কাজ করছে কি না, তাও খতিয়ে দেখা হয়।মহড়া পরিদর্শন শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক সাংবাদিকদের বলেন, একুশে ফেব্রুয়ারির দিন কোনো ধরনের হামলার হুমকি নেই। তার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।মহানগর পুলিশ সূত্র জানায়, একুশে ফেব্রুয়ারির দিন কেন্দ্রীয় শহীদ মিনারের চারদিক ঘিরে ২৪টি জায়গায় কাঁটাতারের বেড়া বসিয়ে পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ ও তল্লাশি করবে। এ ছাড়া গোয়েন্দা পুলিশের দল, সাদা পোশাকে পুলিশের নারী দল ও বোমা নিস্ক্রীয়করণ দল দুই পালায় দায়িত্ব পালন করবে।