শহীদ মিনারের নির্মাণশৈলীতে সিলেটি ঐতিহ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহীদ মিনারের স্তম্ভের পেছনে অনেকটা সবুজ টিলার মতোই উঁচু-নিচু আন্দোলিত ভূমি। স্তম্ভের মধ্যে লাল গোলাকৃতি বস্তুটি যেন সূর্যোদয়ের মাধ্যমে নতুন বার্তা জানান দিচ্ছে। সিলেটের চা-বাগানগুলোতে গাছের ফাঁক দিয়ে ভোরে যেমন করে সূর্য ওঠে, দূর থেকে দেখে ঠিক তেমনটাই মনে হবে। এ রকম সিলেটি-ঐতিহ্যের আবহ ধারণ করেই পুনর্নির্মিত হচ্ছে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার।
২০১৩ সালের ২২ ফেব্রুয়ারি হেফাজতের মিছিল থেকে বিক্ষোভকারীরা নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাঙচুর চালায়। এ ঘটনার কয়েক দিন পর সিলেট-১ আসনের সাংসদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঘটনাস্থল পরিদর্শন করেন।
অর্থমন্ত্রীর শহীদ মিনার পরিদর্শন শেষে স্থানীয় সংস্কৃতিকর্মীরা তাঁর সঙ্গে মতবিনিময় করে শহীদ মিনারটি বর্ধিত পরিসরে দৃষ্টিনন্দন নকশায় পুনর্নির্মাণের দাবি জানান। অর্থমন্ত্রী তাতে সম্মতি জানিয়ে সিটি করপোরেশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সে অনুযায়ী সিটি করপোরেশন প্রায় তিন কোটি টাকা ব্যয়ে এটি পুনর্নির্মাণের কাজ শুরু করে। আগামী ডিসেম্বরের আগেই এটির নির্মাণকাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
সিটি করপোরেশন সূত্র জানায়, শহীদ মিনারটি নির্মিত হলে এটি হবে দেশের অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর শহীদ মিনার।
একই সূত্র জানায়, শহীদ মিনারটির দৃষ্টিনন্দন নকশা এঁকেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক শুভজিত চৌধুরী। তাঁর সহযোগী স্থপতি হিসেবে কাজ করেছেন কৌশিক সাহা, মো. সিপাউল বর চৌধুরী, ধীমান চন্দ্র বিশ্বাস ও জিষ্ণু কুমার দাস। প্রকৌশলী হিসেবে আছেন হুমায়ূন খান ও দেবাশীষ ভট্টাচার্য। নকশাবিদেরা জানান, ১০০ ফুট চওড়া ভূমির ওপর ৪৫ ফুট উচ্চতার স্তম্ভটির মাধ্যমে আন্দোলিত ভূমি থেকে জেগে ওঠা বাঙালির আবহমান সংগ্রামী চেতনাকে উপলক্ষ করে নকশাটি তৈরি করা হয়েছে।
শুভজিত চৌধুরী জানান, এ অঞ্চলের জনপদ ও গণমানুষের কথা মাথায় রেখে শহীদ মিনারটির পুরো চত্বরের নকশা তৈরি করা হয়েছে।