শহীদ মিনারের পাশে জাদুঘর প্রতিষ্ঠার সময় এক বছর
কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জাদুঘর প্রতিষ্ঠা-সংক্রান্ত হাইকোর্টের নির্দেশনা ২০১৩ সালের ৩১ জানুয়ারির মধ্যে বাস্তবায়ন করতে সংস্কৃতি ও পূর্তসচিবের প্রতি নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ আদেশ দেন।জানা যায়, শহীদ মিনারের পবিত্রতা, মর্যাদা রক্ষা ও পাশে জাদুঘর স্থাপনের নির্দেশনা চেয়ে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ২৫ আগস্ট হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে রায় দেন। এর মধ্যে শহীদ মিনারের পাশে গ্রন্থাগারসহ জাদুঘর প্রতিষ্ঠার কথা বলা হয়। অপর নির্দেশনায় ভাষাসৈনিকদের প্রকৃত তালিকা তৈরি করে ২০১২ সালের ৩১ জানুয়ারির মধ্যে গেজেট আকারে তা প্রকাশ করতে বলা হয়। এ নির্দেশনাটি প্রতিপালন না করায় সম্প্রতি আদালত অবমাননার অভিযোগে সংগঠনটির পক্ষে হাইকোর্টে আবেদন করা হলে ১৩ ফেব্রুয়ারি আদালত এ বিষয়ে ব্যাখ্যা জানাতে সংস্কৃতিসচিবকে হাজির হতে নির্দেশ দেন। পূর্তসচিবকে নির্দেশনা বাস্তবায়নের প্রতিবেদনও দিতে বলা হয়। এ নির্দেশনা অনুসারে গতকাল সংস্কৃতিসচিব আদালতে হাজির হন।